চাঁদপুরে যাত্রা শুরু করল জাস্টট্রিপ ডটনেটের নতুন শাখা

সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর :
ভ্রমণ, ভিসা, হজ-ওমরাহ, বিমান টিকিট, হোটেল বুকিং, ট্যুর প্যাকেজ ও চিকিৎসা ভ্রমণসহ নানা সেবা নিয়ে চাঁদপুরে যাত্রা শুরু করেছে জাস্টট্রিপ ডটনেটের নতুন শাখা।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনের তৃতীয় তলায় প্রতিষ্ঠানটির নতুন শাখার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী।

তিনি বলেন, সাংবাদিকতা পেশায় দীর্ঘদিন কাজ করার সুবাদে অনেক ভালো ট্রাভেল এজেন্সি দেখেছি। পাশাপাশি কিছু প্রতারক এজেন্সির কর্মকাণ্ডও গণমাধ্যমে উঠে এসেছে। বিশেষ করে হজের জন্য টাকা দেওয়ার পর গ্রাহকদের দিনের পর দিন হয়রানির শিকার হওয়ার মতো ঘটনাও ঘটেছে।

তিনি আরও বলেন, চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় হজ ও ট্রাভেল এজেন্সির নামে অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানের কিছু কিছু বিষয়ে খোঁজ নিয়ে দেখা যায়, তাদের লাইসেন্স অন্য ব্যক্তির নামে। কেউ বলেন, এটি তার মামার লাইসেন্স, আবার কেউ বলেন চাচার লাইসেন্স। এভাবে বিভিন্ন নামে অনেক এজেন্সি পরিচালিত হচ্ছে।

সোহেল রুশদী বলেন, কোনো প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা তৈরি হলে এবং প্রতিষ্ঠানটি বিশ্বস্ততার সঙ্গে কাজ করলে সেখানে সমস্যা থাকে না। একজন গ্রাহক হিসেবে কোন প্রতিষ্ঠানকে বিশ্বাস করা যাবে, তা মূলত ওই প্রতিষ্ঠানের কার্যক্রম ও সেবার মানের ওপর নির্ভর করে।

জাস্টট্রিপ ডটনেট দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে কাজ করে আসছে উল্লেখ করে তিনি বলেন, নতুন করে চাঁদপুরে তাদের শাখা চালু হয়েছে। নিজেদের সুনাম অক্ষুণ্ন রেখে মানুষের আস্থা অর্জন করতে পারলে গ্রাহকরা অবশ্যই এ প্রতিষ্ঠানের প্রতি আকৃষ্ট হবেন। গ্রাহকদের যে প্রতিশ্রুতি দেওয়া হবে, তা যথাযথভাবে পালনেরও আহ্বান জানান তিনি।

তিনি জাস্টট্রিপ ডটনেটের চাঁদপুর শাখার সাফল্য কামনা করে বলেন, প্রতিষ্ঠানটি যেন সুনামের সঙ্গে কার্যক্রম পরিচালনার মাধ্যমে মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ, চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বীন আখতার (শরীফ), পুরান বাজার ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শামসুল আলম, জাস্টট্রিপ ডটনেটের কর্ণধার ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আক্তারুজ্জামান ভূইয়া, এডুকেশন কনসালটেন্ট শরীফ মো. আবু তারেক এবং মার্কেটিং ডিরেক্টর আশরাফুল আলম লিটন।

জাস্টট্রিপ ডটনেট একটি গ্রাহককেন্দ্রিক ভ্রমণসেবা প্রতিষ্ঠান হিসেবে ভ্রমণ, ভিসা, বিমান টিকিট, হোটেল, ট্যুর প্যাকেজ, হজ ও ওমরাহ ব্যবস্থাপনা এবং চিকিৎসা ভ্রমণসহ বিভিন্ন সেবা এক জায়গা থেকে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, শুধু বুকিং নয়—ভ্রমণের পরিকল্পনা থেকে শুরু করে যাত্রার শেষ পর্যন্ত নির্ভরযোগ্য, স্বচ্ছ ও পেশাদার সহযোগিতা নিশ্চিত করাই তাদের অন্যতম লক্ষ্য। চাঁদপুরের নতুন শাখা থেকে হজ ও ওমরাহ প্যাকেজ, ভিসা সহায়তা, ট্যুর প্যাকেজ, চিকিৎসা ভ্রমণ সহায়তা, বিমান টিকিট ও হোটেল বুকিংসহ বিভিন্ন সেবা পাওয়া যাবে। পাশাপাশি গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী ব্যক্তিগত ভ্রমণ পরিকল্পনা, বিভিন্ন প্যাকেজ, গ্রাহকসেবা এবং শুরু থেকে শেষ পর্যন্ত সার্বিক সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। শিক্ষাসংক্রান্ত সেবার আওতায় বিশ্ববিদ্যালয় ও কোর্স নির্বাচনে পরামর্শ, ফাইল মূল্যায়ন, ভর্তি প্রক্রিয়ায় সহায়তা এবং ভিসা আবেদনে প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থাও রয়েছে বলে জানানো হয়েছে। প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য হলো ভ্রমণকে সহজ, স্বাচ্ছন্দ্যময় ও নির্ভরযোগ্য করা এবং গ্রাহকের প্রয়োজন অনুযায়ী শুরু থেকে শেষ পর্যন্ত প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা।

প্রকাশিত :  ‍শনিবার, ২৯ আগস্ট ২০২৬

You might like

About the Author: priyoshomoy