সিলেটে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের দুই পর্যটকদের মর্মান্তিক মৃত্যু: আহত ৮

স্টাফ রিপোর্টার
ছুটির দিনে ঘুরতে বের হয়ে সিলেটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চাঁদপুরের দুই পর্যটকের। এ ঘটনায় আহত হয়েছেন আটজন। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানী নগর থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়নের ৮নং ওয়ার্ড করবন্দ গ্রামের হাসিম বকাউলের ছেলে মোঃ সোহেল বকাউল (৩৬) এবং অপর নিহত ব্যক্তি একই ইউনিয়নের ২নং ওয়ার্ড পিংড়া গ্রামের খালেক সরকারের ছেলে মোঃ খায়রুজ্জামান পিপুল (৪৫)।

দুর্ঘটনায় আহত চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকার সুজন খান এ প্রতিবেদককে জানান, বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে মহামায়া থেকে (ঢাকা মেট্রো-চ-১৯-৫০৫৩) নম্বরের একটি মাইক্রোবাস সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়ে পথিমধ্যে আসলে আমরা কয়েকজন সেখান থেকে উঠি। আমাদের গাড়িটি যখন সকাল প্রায় ৭টার দিকে সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের চাঁনপুর গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তখন বিপরীত দিক থেকে আসা (ঢাকা মেট্রো-চ-৭১-২৯৪৯) নম্বরের একটি এ্যাম্বুলেন্স এর সামনে দিয়ে (সুনামগঞ্জ-থ-১১-৪৮৪৪) নম্বরের একটি সিএনজি ওভারটেক করতে গিয়ে ধাক্কা লাগে। এতে এ্যাম্বুলেন্সের একপাশ কাত হয়ে আমাদের মাইক্রোবাসটিতে এসে সজোরে ধাক্কা লাগলে সোহেল ও খায়রুজ্জামান এ্যাম্বুলেন্স এর নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলেই সোহেল নিহত হন।

তিনি আরো বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। আর গুরুতর আহত অবস্থায় পিপুলকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমাদের সফরসঙ্গী অন্যরা কমবেশি আহত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বলেন, দুর্ঘটনার সময় আমাদের সবাই ঘুমে ছিলেন, আমিই শুধু চালক শরীফ এর সাথে কথা বলতে ছিলাম। আমাদের চোখের সামনেই ঘটে গেল এমন মর্মান্তিক দুর্ঘটনা।

জানা যায়, নিহত প্রবাস ফেরত সোহেল বকাউল ঢাকার কেরানীগঞ্জে ও খায়রুজ্জামান চাঁদপুর শহরের ব্যবসায়ী ছিলেন। এ ঘটনায় আহতদের মধ্যে- চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকার শাহাদাত হোসেন মিঠু, মান্দারী এলাকার সফিক মোল্লা, সুজন খান, মাইক্রো চালক শরীফ হোসেন, মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আবু তাহের ভাট, আলন প্রধানীয়া সহ আরো দুইজন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সোহেল এর লাশ ময়নাতদন্ত ছাড়াই শেরপুর হাইওয়ে থানা থেকে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে চাঁদপুরের উদ্দেশ্যে ফেরার কথা রয়েছে। এবং শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

অপরদিকে নিহত খায়রুজ্জামান পিপুল এর মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে বাড়িতে আনা হবে জানা যায়। তবে মামলার বিষয়ে কিছু জানা সম্ভব হয়নি।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। এর আগে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত তিনটি যানবাহন জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy