
সজীব খান, চাঁদপুর:
চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নের আমিরাবাদ জিকে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিরাবাদ জিকে উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এনাম চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামরুল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ‘ক্লিন চাঁদপুর’-এর প্রতিষ্ঠাতা ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন আকাশ এবং আমিরাবাদ জিকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন।
সভাপতির বক্তব্যে এনাম চৌধুরী বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই গাছ লাগানো ও গাছের যত্ন নেওয়ার বিষয়ে সচেতন হতে হবে। আজকের এই উদ্যোগ পরিবেশ রক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সামাজিক ও মানবিক দায়িত্ববোধও তৈরি করবে।”
শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি এবং সবুজ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু চারা বিতরণ করলেই হবে না, এগুলোর নিয়মিত পরিচর্যা করতে হবে। আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
প্রধান অতিঁথি মানিকুর রহমান মানিক বলেন, “একটি গাছ শুধু পরিবেশকে সুন্দর করে না, মানুষের জীবন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার মাধ্যমে তাদের পরিবেশবান্ধব কাজে উৎসাহিত করা হচ্ছে। প্রত্যেক শিক্ষার্থী যেন চারাগুলো পরিচর্যা করে বড় করে তোলে, সেটিই হবে এই কর্মসূচির সফলতা।”
বিশেষ অতিথি অ্যাডভোকেট নুরুল আমিন আকাশ বলেন, “শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যদি নিজ নিজ বাড়ি ও বিদ্যালয় এলাকায় বৃক্ষরোপণে এগিয়ে আসে, তাহলে পরিবেশ সুরক্ষায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।”
এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা শাহমছুল হক, মামুন বকাউল, মমতাজ বেগম, সালেহা বেগমসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। শিক্ষার্থীরা চারা পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং সেগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রকাশিত : রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬








