চাঁদপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক :

মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই বার্তা নিয়ে নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

গতকাল ২২অক্টোবর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১টায় চাঁদপুর প্রেস ক্লাবের সামনে নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার উপদেষ্টা ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালি শেষে বেলা ১২টায় চাঁদপুর প্রেস ক্লাব মাঠে নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার উপদেষ্টা ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

প্রধান অতিথি চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি বক্তব্যে বলেন, আজকে আমি নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াছ কাঞ্চনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং ওনার রোগমুক্তি কামনা করছি৷ ১৯৯৩সাল তিনি নিরাপদ সড়ক চাই সংগঠনটি প্রতিষ্ঠা করেছেন। নায়ক ইলিয়াছ কাঞ্চনের নেতৃত্বেই বাংলাদেশে নিরাপদ সড়ক আন্দোলনটি সূচনা হয়েছে। পরবর্তীতে সরকার এ দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে এবং নিরাপদ সড়ক দিবস ঘোষনা করেছে। এটা সংগঠনের বড় সফলতা। বর্তমানে এ আন্দোলনটি সামাজিক আন্দোলনে রুপ নিয়েছে।

তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং অকাল মৃত্যু রোধে চালক, পথচারী ও যাত্রী সকলকে সচেতন হতে হবে। গতি নিয়ন্ত্রণ, মানসম্মত হেলমেট ব্যবহার, সিটবেল্ট বাঁধা এবং মাতাল বা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো যাবে না। গাড়ি চালানোর সময়, চালকরা মোবাইল ফোন ব্যবহার করবেন না। সকলকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। তাহলে সড়ক নিরাপদ রাখা যাবে৷ চাঁদপুরের ট্রাফিক ইন্সপেক্টর প্রবীর দা সড়ক নিরাপদ রাখতে কাজ করছেন৷ ট্রাফিকের সাথে আপনারা নিরাপদ সড়ক চাই জেলা কমিটি একত্রে কাজ করছেন। আমরা চাই সড়ক যাতে নিরাপদ হয়। চালকসহ সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে।

তিনি আরো বলেন, চালকের দায়িত্বশীলতা মধ্যে থেকে গাড়ি চালাতে হবে। পথচারীদের ফুটপাত ও জেব্রা ক্রসিং ব্যবহার এবং রাস্তা পারাপারে সতর্ক থাকতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে সড়ক নিরাপত্তাবিষয়ক শিক্ষা ও প্রচারণা চালানো হলে দূর্ঘটনা এড়ানো যাবে। যানবাহনের ফিটনেস নিশ্চিত করা এবং আইন প্রয়োগ জোরদার করতে হবে।

নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেলের পরিচালনায় র‍্যালি ও আলোচনা সভায় অংশ নেন ও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মাওলানা আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক সদস্য সচিব শওকত করিম, যুগ্ম সম্পাদক শাহ আলম, সুজয় চৌধুরী লিটন, এস আই আকাশ, এডভোকেট মুসলিম মিয়া, আলী শেখ, আলী আক্কাস মিজি, রুবেল হোসেন, মতিন তপাদার ভুট্টু, রাজীব সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।

​কর্মসূচির শুরুতে পথচারী ও যানবাহন চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। সভাপতির বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক এম এ লতিফ৷

প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ খ্রি.

You might like