

সজীব খান, চাঁদপুর :
হাইমচর উপজেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিসগুলোতে গ্রাম পুলিশের টহল জোরদার করতে হবে। আগামী ১৫ দিনের মধ্যে সড়কের পাশে অবস্থিত বাসাবাড়িতে সিসি ক্যামেরা স্থাপন এবং বাউন্ডারি দেয়ালে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে। সিসি ক্যামেরা থাকলে অপরাধীরা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে ভয় পাবে এবং অপরাধ নিয়ন্ত্রণে সহায়ক হবে।

তিনি বলেন, হাইমচরের চরাঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার প্রস্তুতির খবর পাওয়া যাচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। চরাঞ্চলে প্রতিদিন আইনশৃঙ্খলা বাহিনীর টহল নিশ্চিত করতে হবে। নদীপথে চরাঞ্চলে চলাচলকারী নৌযানগুলোতে প্রয়োজনীয় তল্লাশি ও নজরদারি বাড়াতে হবে। পাশাপাশি সবাইকে সাবধানে চলাচল করতে এবং একা চলাফেরা না করার পরামর্শ দেন তিনি।
সরকারি দপ্তরের নিরাপত্তা ও কর্মকর্তাদের সহযোগিতার বিষয়ে এমপি মানিক বলেন, সরকারি কর্মকর্তাদের আপন করে নিয়ে সহযোগিতা করতে হবে। সরকারি দপ্তরগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। কোনোভাবেই সরকারি দপ্তরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করা যাবে না।
সরকারি পাওনা পরিশোধের বিষয়ে তিনি বলেন, হাইমচর মডেল মসজিদের প্রায় এক লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। কোনো সরকারি দপ্তরের বিদ্যুৎ বিল বা অন্যান্য পাওনা বকেয়া রাখা যাবে না। সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে দায়িত্বশীল হতে হবে।
জেলেদের চাল বিতরণে অনিয়মের বিষয়ে কঠোর অবস্থান জানিয়ে তিনি বলেন, পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি বিদেশে কাতারে কাজ করেন, অথচ তার ছেলে এসে জেলে কার্ড ব্যবহার করে চাল নিয়ে যায়—এ ধরনের অনিয়ম আর হতে দেওয়া হবে না। প্রকৃত জেলেদের অধিকার নিশ্চিত করতে হবে এবং সরকারি সহায়তা বিতরণে স্বচ্ছতা বজায় রাখতে হবে।
হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন হাইমচর থানার অফিসার ইনচার্জ শাহ আলম, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্যাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক, হাইমচর উপজেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা, হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ বি এম আশরাফুল হক, হাইমচর ফায়ার সার্ভিসের মো. ইউসুফ, উপজেলা ইসলামি ফাউন্ডেশন কর্মকর্তা মুহা জুলফিকার হাসান, উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসার মো. নাসিম উজ জামান, হাইমচর নৌ পুলিশের মো. শহিদুল্লাহ, হাইমচর কোস্টগার্ডের এম নুরুজ্জামান, হাইমচর উপজেলা আনসার ভিডিপি অফিসার মাসুদ হাসান, হাইমচর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশীদ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতোয়াল, নীলকমল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনির হোসেন সিকদার, হাইমচর প্রেসক্লাবের সভাপতি মো. মহসিন মিয়া প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, হাইমচর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. মাহমুদুন নবী, হাইমচর উপজেলা প্রাণী সম্পক কর্মকর্তা ডা. মানিক বিশ্বাস, উপজেলা শিক্ষা অফিসার মুনছুর আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ আমিনুল হক, উপজেলা মহিলা বিষয়ক অফিসার সাজিয়া আফরিন, উপজেলা সমাজসেবা অফিসার মো. মিজানুর রহমান ভূঁইয়া, উপজেলা পঃ পঃ অফিসার মো. তানভীরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশিত: রোববার, ২৯ নভেম্বর ২০২৬ খ্রি.














