কুমিল্লায় মেয়র সাক্কুর ব্যক্তিগত সহকারী বাবুসহ ১২ জনকে পাঁচদিন করে রিমান্ড

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা।। ১১-১১-২১

কুমিল্লায় পূজামণ্ডপে ভাঙচুর ও নাশকতার মামলায় সিটি মেয়র মনিরুল হক সাক্কুর ব্যক্তিগত সহকারী (পিএস) মইনুদ্দিন আহমেদ বাবুসহ গ্রেপ্তার ১২ জনকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত।

কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ১ নম্বর আমলি আদালতের বিচারক চন্দন কান্তি নাথ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে রিমান্ডের আদেশ দেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনওয়ারুল আজিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ড আবেদন করলে বিচারক তাদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।’

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম খান জানান, বাবুর বিরুদ্ধে ভাঙচুর, নাশকতার অভিযোগে দুটি মামলা হয়। একটি মামলার বাদী পুলিশ, অন্যটির বাদী পূজা ব্যবস্থাপনার আহ্বায়ক তরুণ কান্তি মোদক মিথুন।

এর আগে গত ৬ নভেম্বর শনিবার গভীর রাতে সাজেক থেকে মইনুদ্দিন আহমেদ বাবুকে গ্রেপ্তার করা হয়। এদিন পুলিশের মামলার আরও ১২ আসামিকে নগরীর বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ১৩ অক্টোবর পূজামণ্ডপে হামলার পরে পরিবার নিয়ে পালিয়ে যান বাবু।

কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের পূজামণ্ডপে কোরআন শরিফ পাওয়ার পর সহিংসতা শুরুর জন্য তাকে অভিযুক্ত করেছেন এলাকাবাসী ও মণ্ডপসংশ্লিষ্টরা।

তদন্তসংশ্লিষ্ট একাধিক বাহিনীর কর্মকর্তারাও বলছেন, মণ্ডপে কোরআন রাখায় ইকবাল হোসেন প্রধান অভিযুক্ত ব্যক্তি হলেও ১৩ অক্টোবর সকালে সহিংসতা ছড়িয়ে দিতে তৎপর ছিলেন বেশ কয়েকজন। তাদের মধ্যে মঈনুদ্দীন আহমেদ বাবু অন্যতম।

বাবু সহিংসতায় উসকানি দিচ্ছেন এমন একটি ভিডিও রয়েছে পুলিশের হাতে।

নানুয়ার দিঘির পাড়ের ওই মণ্ডপে চলে ব্যাপক ভাঙচুর, আক্রান্ত হয় নগরীর আরও বেশকিছু পূজামণ্ডপ। পরে সহিংসতা ছড়িয়ে পড়ে চাঁদপুর, নোয়াখালী, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায়।

আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

আরো পড়ুন : মেহ-প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের প্রতিকার

আরো পড়ুন : অর্শ গেজ পাইলস বা ফিস্টুলা রোগের চিকিৎসা

আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকারে শক্তিশালী ভেষজ ঔষধ

আরো পড়ুন : যৌন রোগের শতভাগ কার্যকরী ঔষধ

You might like