কুমিল্লায় আ’লীগ নেতা আফজাল খানের মৃত্যুতে অর্থমন্ত্রী ও এলজিআরডি মন্ত্রীর শোক

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা ব্যুরো: ১৬ নভেম্বর, ২০২১

কুমিল্লার প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আফজাল খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, এফসিএ, এমপি এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি।

এক শোকবার্তায় অর্থমন্ত্রী বলেন, এডভোকেট আফজাল খান একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং শিক্ষানুরাগী, তিনি ছিলেন কুমিল্লার গণমানুষের নেতা। দেশ ও মানুষের কল্যাণে তিনি সর্বদা কাজ করেছেন। তিনি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের একজন নিবেদিত কর্মী।

শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান অর্থমন্ত্রী।

এদিকে অ্যাডভোকেট আফজাল খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

শোকবার্তায় মন্ত্রী বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

স্থানীয় সরকার মন্ত্রী শোক বার্তায় আরো বলেন, আফজল খান কুমিল্লার প্রবীণ আওয়ামী লীগ নেতা ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ছিলেন। তিনি জাতির পিতার আদর্শ ও দর্শন বাস্তবায়নে আজীবন লড়াই সংগ্রাম করে গেছেন। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হল।

বুধবার সকাল ১১টায় মরহুমের ১ম জানাযা নগরীর ঠাকুরপাড়া খাঁ বাড়ি জামে মসজিদে। ২য় জানাযা বাদ জোহর কুমিল্লা নগরীর টাউন হল মাঠে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে ঠাকুরপাড়া খাঁ বাড়ি জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

You might like