

সৈকত, দাউদকান্দি প্রতিনিধি: ২১ নভেম্বর ২০২১
নির্বিচারে বৃক্ষ নিধন বা গাছ কাটা আইনত দন্ডনীয় অপরাধ। যদি তা হয় সরকারী বা অন্য কোনো ব্যাক্তির গাছ। কিন্তু নিজ মালিকানাধীন জমিতে নিজের লাগানো গাছ কেটে সাজা ভোগের ঘটনা বিরল। সম্প্রতি কুমিল্লার মুরাদনগরে এমনই এক বিরল ঘটনা ঘটেছে। যেখানে নিজের গাছ কেটে ২১ দিন ধরে হাজত খাটছেন আবু সাইদ নামে এক প্রবাস ফেরৎ ব্যাক্তি।
তিনি একাই নন, সাথে তার ছোট ভাই মাওলানা আবুল খায়ের (মুজিবুর) এবং ওই গ্রামেরই প্রয়াত আবদুর রৌফ এর ছেলে রাশেদ মিয়াসহ তিন জন! ঘটনাটি জেলার মুরাদনগর উপজেলার বাংগরাবাজার থানাধীন রাজাবাড়ী গ্রামে। আবু সাইদ ও মাওলানা আবুল খায়ের ওই গ্রামের প্রয়াত আবদুল হামিদের (হামদু মিয়া) ছেলে।

এক সংবাদ সম্মেলনে ঘটনাটি সাংবাদিকদের সামনে তুলে ধরেন তাদের পরিবারের সদস্যরা। আবু সাইদের স্ত্রী বলেন, নিজের ভূমি থেকে গাছ কাটার পরও আমার স্বামীকে মিথ্যা মামলায় জড়িয়ে পরিকল্পিত ভাবে হাজত খাটানো হচ্ছে।

মাওলানা আবুল খায়েরের স্ত্রী সালামা বেগম বলেন, মূলতঃ আমার ভাসুর আবু সাইদ নিজের জায়গা থেকে গাছ কেটেছেন অথচ আমার স্বামী মাওলানা আবুল খায়ের ওই দিন বাড়ীতেই ছিলেন না। তিনি দাউদকান্দিতে একটি মাদ্রাসার প্রিন্সিপাল। তিনি সেদিন তার কর্মস্থলেই ছিলেন। তদন্ত করলে সবকিছু বেরিয়ে আসবে।
তিনি বলেন, প্রতিবেশি আবু ইউসুফ (আবন) ষড়যন্ত্র করে এই মামলা দিয়েছেন। একই অভিযোগ রাশেদ মিয়ার বড় ভাই মাসুদ রানার। তিনি বলেন, আমারা গ্রাম বাসী সবাই জানি আবু সাইদ তার নিজের বাড়ী থেকে গাছ কেটেছেন। মাসুদ রানা বলেন, আবু সাইদ বাস্তবে একজন ভীতু প্রকৃতির লোক। যদি গাছ তার নিজের না হতো তাহলে প্রকাশ্যে দিবালোকে কাটার সাহস করতো না।
আদালত কিভাবে তদন্ত ছাড়াই মামলাটি গ্রহণ করলেন তা আমাদের কিছুতেই বোধগম্য নয়। তিনি বলেন, এই বাড়ী থেকে আমাদের বাড়ীর দূরত্ব প্রায় আধা কিলোমিটার। তাছাড়া আমার ভাই রাশেদ একটি ঔষধ কোম্পানী বিক্রয় প্রতিনিধি হিসেবে ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগরে কর্মরত। সেদিন সে তার কর্মস্থলে ছিলো। তাকেও এই মিথ্যা অভিযোগে জড়িয়ে বিনা অপরাধে হাজত খাটানো হচ্ছে।

শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান আবু সাইদের স্ত্রী রত্না বেগম, মাওলানা আবুল খায়ের এর স্ত্রী সালমা বেগম ও রাশেদ মিয়ার ভাই মাসুদ রানা।
রোববার এবিষয়ে সরেজমিন খোঁজখবর নিয়ে জানা যায়, আবু সাইদ ও তার ছোট ভাই মাওলানা আবুল খায়ের ২০০৯ সালে তার চাচা আবদুল কাদির বেপারীর ছেলেদের কাছ থেকে ৮০৪ খতিয়ানভূক্ত ৩২৩৩ দাগে দুই শতক করে মোট চার শতক ভূমি কেনেন।
আবদুল কাদির বেপারীর যা ১৯৯৬ সালে একই বাড়ীর জহিরুল হকের কাছ থকে কিনেছিলেন। ২০১১ সালে ওই ভুমির একাংশে একটি টিন শেডের পাকা ঘর নির্মাণ করে এতে স্টেশনারী সামগ্রী ব্যবসা শুরু করেন আবু সাইদের ছেলে আবু বকর (সজীব)। এর পর সজীবও প্রবাসে চলে যায়। পরবর্তীতে তার মা রতœা বেগম দোকান ঘরটি ভাড়া দেন পাশের বাড়ীর জসীম উদদ্দীনের (জসু) কাছে। তিনি ২০১৬-২০১৭ এই দুই বছর এখানে মুদি মালামালের ব্যবসা করেন। এসময় প্রতিবেশি আবু ইউসুফ (আবন) ও তার সাঙ্গপাঙ্গদের অত্যাচারে দোকানটি ছেড়ে দিতে বাধ্য হন জসীম উদদ্দীনের জসু। ২০১৮ সাল থেকে দোকান ঘরটি বন্ধ রয়েছে।
এমতাবস্থায় দীর্ঘ ২৯ বছর প্রবাসজীবন শেষে চলতি বছরের শুরুতে দেশে আসেন আবু সাইদ। তিনি অবসর সময়টি বসে না থেকে দোকানটি চালু করার সিদ্ধান্ত নেন। গত ১৬ সেপ্টেম্বর দোকান ঘরটির চারপাশ পরিস্কার পরিচ্ছন্ন করেন এবং এখানে তাদেরই লাগানো কাঠের গাছগুলো ব্যবসায়ীর কাছে বিক্রি করেন।
ব্যবসায়ীরা গাছগুলো পরে নেয়ার লক্ষ্যে কেটে ফেলে রেখে যান। এই সুযোগে প্রতিবেশি আবু ইউসুফ (আবন) এই গাছ তার উল্লেখ করে গোপনে আদালতে একটি মামলা দায়ের করেন। এতে আবু সাইদ, মাওলানা আবুল খায়ের, তার স্ত্রী সালমা বেগম ও তাদের নাবালক ছেলেসহ গ্রামের রাশেদ মিয়াকেও অভিযুক্ত করা হয়। এই মামলায় গত ০১ নভেম্বর আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক তাদের তিন জনকে জামিন না মঞ্জুর করে জেলা হাজতে পাঠান।
উক্ত মামলায় বিবাদী পক্ষের আইনজীবী অ্যাড. সৈয়দ নুরুর রহমান, অ্যাড. এএইচএম আবাদ এবং অ্যাড. আবদুল কাইয়ুম চিশতী জানান এই মামলায় প্রথম বার জামিন নামঞ্জুরের পর ২য় বারও তাদের জামিন আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করেন।
আইনজীবীরা বলেন, সচরাচর দন্ডবিধি ৩৭৯/৪২৭/১০৯ এই ধারায় কেউ অভিযোগ করলে আদালত মামলাটি গ্রহণ করে তদন্ত দিয়ে থাকেন, পাশাপাশি এসমস্ত ধারায় সচরাচর জামিন নামঞ্জুর করেন না আদালত। কিন্তু এই মামলাটি তার ব্যতিক্রম কেন তা বোধগম্য নয়। আইনজীবীরা জানান, বর্তমানে মামলাটি জামিন শুনানীর জন্যে জেলা ও দায়রা জজ আদালতে রয়েছে।
সরেজমিন খোঁজখবর নিতে গেলে নিজের গাছ কেটে এভাবে হাজত খাটার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। রাজাবাড়ী গ্রামের ইনূস বেগ, জসীম উদ্দিন জসু বেগ, প্রয়াত কফিল মিয়ার ছেলে আবুল আহাদ, আলউদ্দিন আলাল ভূঁইয়া, বিডিআর কাউসার এবং বলিঘর গ্রামের ছগির আহাম্মদসহ অন্যান্যরা বলেন, আবু সাইদ ও আবুল খায়েরের চাচাতো ভাই আবু ইউসুফ আবন। সে অর্ধ দৃষ্টি প্রতিবন্ধী এবং দুষ্ট প্রকৃতির লোক। পাশাপাশি সমাজের কিছু অসৎ লোকের প্ররোচনায় সে গ্রামের মানুষকে জমিজমা সংগ্রান্ত বিষয়াদি নিয়ে হয়রানি করে আসছে।
একই ভাবে আবু সাইদ, আবুল খায়েরকেও হয়রানি করছে। তারই অভিযোগের ভিত্তিতে থানায়, এসিল্যাড অফিসে অনেকবার বৈঠক হয়। এছাড়াও এলাকায় বহুবার বৈঠক করা হয়েছে। বারবারই সিদ্ধান্ত হয় এই জমি আবু সাইদ ও আবুল খায়েরের এবং প্রতিবারই সে মেনেও নেয়। এর পরও আবু ইউসুফ আবন উদ্দেশ্য প্রণোদিতভাবে এলাকাবাসীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বছরের পর বছর এভাবে হয়রানী করেই যাচ্ছেন। সবশেষ গাছ কাটার মামলাটি অত্যন্ত দুখঃজনক বলেও মন্তব্য করেন তারা। তারা বলেন, মামলায় গাছ কেটে চুরি করে নিয়ে যাওয়ার কথা হয়েছে, অথচ যেখানের গাছ সেখানেই রয়েছে।
আবু সাইদের স্ত্রী রত্না বেগম এবং আবুল খায়ের এর স্ত্রী সালমা বেগম জানান, বাড়ীতে পুরুষ না থাকায় আবু ইউসুফ আবনের মামাতো ভাই কামালসহ সাঙ্গপাঙ্গরা প্রতিনিয়তই এসে তাদের বাড়ীতে রাতদিন হুমকী ধমকীতে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। তারা পৃথক ভাবে থানা ও আদালতে মামলা দায়ের করেছেন।
এবিষয়ে জানতে চাইলে আবু ইউসুফ আবন আদালতে মামলা দায়েরের কথা স্বীকার করলেও এ নিয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি।
এব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা বাংগরাবাজার থানার সাবইন্সপেক্টর শাহনেওয়াজ বলেন, আমি আদালতের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সাক্ষ্য প্রমাণাদি নিয়ে দেখা গেছে উল্লেখিত ভূমিতে আবু সাইদ ও আবুল খায়েরের দখল বিদ্যমান। এমতাবস্থায় উভয় পক্ষকে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নোটিশ দিয়েছি এবং এমর্মে আদালতে প্রতিবেদন প্রেরণ করেছি।
আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
আরো পড়ুন : মেহ-প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের প্রতিকার
আরো পড়ুন : অর্শ গেজ পাইলস বা ফিস্টুলা রোগের চিকিৎসা
আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকারে শক্তিশালী ভেষজ ঔষধ
আরো পড়ুন : যৌন রোগের শতভাগ কার্যকরী ঔষধ







