আলগী উত্তর ইউনিয়ন ৬নং ওয়ার্ড মেম্বার প্রার্থী নাজির বেগের মনোনয়নপত্র দাখিল

মোঃ এমরান হোসেন :

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে হাইমচর উপজেলার ২নং আলগী উত্তর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য নাজির রায়হান বেগ পুনরায় মেম্বার প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন।

গতকাল ৮ ডিসেম্বর ২০২১ বুধবার দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এ মনোনয়ন ফরম জমা দেন মেম্বার প্রার্থী নাজির রায়হান বেগ। এ সময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারী, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার হাফিজ আহমেদ মাষ্টার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নাজির রায়হান বেগ এ বিবৃতিতে বলেন- ‘আমার কোনো রাজনৈতিক পদবীর প্রয়োজন নেই। আমি ওয়ার্ডের মানুষের সাথে থাকতে চাই। তাদের সুখে দুঃখে সবসময় পাশে থাকতে চাই। আমার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে সকলের উপকার করতে চাই। আমাদের ওয়ার্ডের মাটি ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। এ প্রত্যাশা করে তিনি ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কাছে দোয়া প্রত্যাশা করেছেন।

৬ নং ওয়ার্ডের সাবেক এ মেম্বার একজন জনপ্রতিনিধি হিসেবে সর্বদা মানুষের পাশে থেকেছেন। ওয়ার্ডের উন্নয়নের জন্য কাজ করেছেন। বয়স্কদের জন্য বয়স্ক ভাতার কার্ড, প্রতিবন্ধী কার্ডসহ সমাজের উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। সাধারণ মানুষের মুখে মুখে তার হাজারও উপকারের কথা শোনা যায়।

ওই ওয়ার্ডের একজন বাসিন্দা বাচ্চু মিয়া কবিরাজ বলেন- ‘গরিব ও মেহনতি মানুষের সুখে দুঃখে সব সময় নাজির বেগ দাঁড়ান। তিনি একজন সাধারণ পরিবারের সন্তান। তাকে আমরা সকলেই ভালোবাসি। মেম্বার হিসেবে আমরা পুনরায় নাজির বেগকে চাই।’

সিদ্দিকুর রহমান নামে আরেক বাসিন্দা বলেন, নাজির বেগ আমাদের প্রিয় একজন মানুষ। তার দ্বারা সমাজের মানুষের উপকার হয়েছে। তিনি দিন-রাত মানুষের সেবায় নিয়োজিত থেকেছেন। আমাদের সাধারণ মানুষের দাবি নাজির বেগকে আমরা মেম্বার হিসেবে দেখতে চাই।

You might like