মানিকগঞ্জের তিন উপজেলার ৭ এলাকা লকডাউন

নিউজ ডেস্ক :

মানিকগঞ্জের তিন উপজেলার সাতটি এলাকায় রেড জোন ঘোষণার পর সকাল থেকে লকডাউন চলছে। মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে পুলিশের কাছে নানা অজুহাতে লকডাউন ভেঙে বের হওয়ার চেষ্টা করছেন মানুষজন। তবে বন্ধ রয়েছে দোকানপাটসহ গণপরিবহন।

সোমাবার (১৫ জুন) রাত ৮টার পর থেকে শুরু হয়েছে লকডাউন।

রোববার থেকে মানিকগঞ্জ সদরের পৌরসভার পশ্চিম দাশরা, উত্তর সেওতা ও গঙ্গাধরপট্টি, সাটুরিয়া উপজেলার সাটুরিয়া সদর ও ধানকোড়া ইউনিয়ন এবং সিংগাইর পৌরসভা ও জয়মন্টপ ইউনিয়নকে রেড জোন ঘোষণা করে জেলা প্রশাসন। আর এ রেড জোন এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধে সোমবার রাত ৮টা থেকে ৪ জুলাই পযর্ন্ত এ সাতটি স্থানে লকডাউন করা হয়েছে।

রেড জোন এলাকার বাসিন্দা কাদের নামের একব্যক্তি জানান, ঘরে অসুস্থ রোগী, জরুরি ওষধ প্রয়োজন, তাই লকডাউনে বের হতে বাধ্য হয়েছি। পুলিশকে বলে বের হয়েছি। সিদ্দিক নামে একজন বলে অনেকেই বের হয়েছে তাই আমিও বের হয়েছি, কতক্ষণ বাসায় থাকা যায়।

আব্দুল রহিম বলেন, আমি চাকরি করি, লকডাউনে কোনো নির্দেশনা পাইনি। তাই বাধ্য হয়ে অফিসে যাচ্ছি। যদি এ অসময়ে চাকরি চলে যায় দিন যাবে কীভাবে।

মানিকগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর রতন মজুমদার বলেন, আমার ওয়ার্ডের মানুষকে সচেতন করতে মাইকিং করা হয়েছে। যারা অকারণে বের হয়েছেন তাদের বুঝিয়ে ঘরে যেতে বলা হচ্ছে।

মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম বলেন, পৌরসভার ১৮ হাজার মানুষ নতুন করে লকডাউনে পড়েছে।

লকডাউন ভেঙে অনেকে বিভিন্ন অজুহাতে বের হচ্ছেন এমন প্রশ্নের উত্তরে মানিকগঞ্জ সদর থানার ওসি-তদন্ত হানিফ সরকার বলেন, মানুষ বিভিন্ন অজুহাতে বের হচ্ছে, পুলিশ সদস্যরা তা প্রতিহত করছেন। অনেকেই বুঝি ফিরিয়ে দেয়া হয়েছে।

You might like