পঞ্চগড়ে সাঈদীকে প্রধানমন্ত্রী করে ছায়া মন্ত্রীসভা, ফেসবুকে স্ট্যাটাস : যুবক গ্রেপ্তার

 

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড়ে জামায়াত নেতা দেলওয়ার হোসাইন সাঈদীকে প্রধানমন্ত্রী করে ছায়া মন্ত্রীসভা গঠন করে ফেসবুকে স্টার্টাচ দেয়ার দায়ে আব্দুর রহিম (২৬) নামে এক যুবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের সর্দারপাড়া এলাকা থেকে ডিজিটাল নিরাপত্তা আইনে আব্দুর রহিমকে সোমবার মধ্য রাতে গ্রেপ্তার করে দেবীগঞ্জ থানার পুলিশ। মঙ্গলবার তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। সে ওই এলাকার নায়েব আলীর ছেলে।

দেবীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহা আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা দেবীগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, আব্দুর রহিম তার ফেইসবুক আইডিতে জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদীকে প্রধানমন্ত্রী, মিজানুর রহমান আজহারী শিক্ষা মন্ত্রী, আন্দালিব রহমান পার্থকে অর্থমন্ত্রী সহ মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ কয়েকটি পদে একটি ছায়া মন্ত্রীসভা গঠন করে পোস্ট দেয়।

ফেসবুকে ওই যুবক তার স্ট্যাটাসে লেখে ‘এই ব্যক্তিরা যদি সরকার পরিচালনা করতো তাহলে কতই না ভালো হতো।’ তার এই পোস্ট করার পরেই স্থানীয়দের মাঝে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। এক পর্যায়ে তারা বিষয়টি পুলিশকে জানালে সোমবার মধ্য রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটিও জব্দ করে পুলিশ।

You might like