টাঙ্গাইলের সখীপুর উপজেলায় কুকুরের দুধ খেয়ে বেড়ে উঠছে বিড়াল!

মা হারা এক বিড়াল ছানাকে মাতৃস্নেহ ও দুগ্ধ দিয়ে বড় করছে একটি কুকুর। ছবি : প্রিয় সময়

মেহেদী হাসান রাসেল,স্টাফ করেসপন্ডেন্ট: কুকুর-বিড়ালের শত্রুতা জানা রয়েছে সবারই। তবুও প্রকৃতির নিয়মে মা হারা এক বিড়াল ছানাকে মাতৃস্নেহ ও দুগ্ধ দিয়ে বড় করছে একটি কুকুর।
গতকাল রোববার বিকেলে টাংগাইলে সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের দূর্গাপুর গ্রামে এমন চিত্র দেখা গেছে।

দেখা যায়, মা হারা একটি বিড়াল ছানাকে দুধ খাওয়াচ্ছে একটি কুকুর। যেন মায়া-মমতা সব কিছু দিয়েই আঁকড়ে ধরে রেখেছে কুকুরটি। বিড়াল ছানাটিও পরম আগ্রহে কুকুরের দুধ পান করছে অনায়াসে।

স্থানীয়রা জানান, দূর্গাপুর গ্রামের শ্রী আশীষ চন্দ্রের বাড়িতে কিছু দিন আগেই একটি মা বিড়াল দুটি ছানা প্রসব করার পর মারা যায়। এরপর দুধপানের অভাবে একটি ছানা মারা যায়, বেঁচে থাকে আরেকটি ছানা। কিন্তু প্রকৃতির খেয়ালে ছুটে আসে একটি কুকুর। শুরু করে বিড়াল ছানাটিকে মাতৃস্নেহ ও দুধ খাওয়ানো।

দিনভর বিড়াল ছানাকে নিয়ে এদিক-সেদিক ঘুরে বেড়ায় কুকুরটি। এভাবে ধীরে ধীরে বেড়ে ওঠে বিড়াল ছানাটি। এমনি এক বিরল দৃশ্য দেখে অবাক হয়েছেন ওই এলাকার মানুষ।

দূর্গাপুর গ্রামের আষিক চন্দ্র নামের এক যুবক বলেন, ‘মমতাময়ী এই কুকুরটা অনেক দিন যাবৎ এভাবেই বিড়াল ছানাটাকে বুকের দুধ দিয়ে আসছে। এতে ধীরে ধীরে বেড়ে উঠছে বিড়ালটি। এটি একটি অবাক হওয়ার বিষয়।’

পল্লী চিকিৎসক আশীষ চন্দ্র কুমার বলেন, ‘কুকুর-বিড়ালের এই বিষয়টি বিরল এক ঘটনা। এদের মধ্যে জন্ম হয়েছে চরম ভালোবাসা। এ থেকেও শিক্ষণীয় অনেক কিছু রয়েছে।’

You might like