সিরাজগঞ্জ তাড়াশে যুব উন্নয়ন কর্মসূচি পালন

সিরাজগঞ্জ তাড়াশ থেকে জিল্লুর রহমান :

সিরাজগঞ্জ তাড়াশে দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য যুব র‍্যালি, যুব সমাবেশ, বৃক্ষরোপণ, সফল আত্মকর্মীদের পুরস্কার প্রদান, ঋণের চেক বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

রবিবার (১ নভেম্বর ২০২৬) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ দিবসটি উদযাপন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সংসদ সদস্য ভিপি আইনুল হক।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নুল আবেদীন মাহবুব, পৌর বিএনপির সদস্য সচিব খন্দকার আব্দুল বারিক, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তাইজুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শরীফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা এমিলি জান্নাত এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ভিপি আইনুল হক বলেন, দেশের সামগ্রিক রূপান্তর, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জাতীয় অগ্রগতিতে তরুণ প্রজন্মের অবদান অনস্বীকার্য। যুবসমাজকে আধুনিক প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতায় সমৃদ্ধ করে দক্ষ জনশক্তিতে পরিণত করতে হবে। আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে যুবসমাজকে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

আলোচনা সভা শেষে সফল আত্মকর্মী ও স্থানীয় যুব সংগঠনকে বিশেষ কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করা হয়। পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে আনুষ্ঠানিক সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শেষাংশে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

প্রকাশিত: রোব বার, ০১ নভেম্বর ২০২৬ খ্রি.

You might like