

কুড়িগ্রাম প্রতিনিধি
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে ধারণ করে নানা কর্মসূচির মধ্য দিয়ে কুড়িগ্রামের উলিপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, বৃক্ষরোপণ, আলোচনা সভা, যুব ঋণের চেক এবং সফল আত্মকর্মী ও যুব সংগঠনকে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়।

রবিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম আরিফের সভাপতিত্বে এবং সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উলিপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফর রহমান, উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক তৌফিকুর রহমান লাভলু, পৌর যুবদলের সদস্য সচিব তৌফিকুল ইসলাম তৌফিক এবং সফল উদ্যোক্তা আব্দুল্লাহ নুর ফারুক, শারমিন আক্তার ও ফজলুল করিম প্রমুখ।
বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধিতে যুবসমাজের মেধা ও শ্রমকে কার্যকরভাবে কাজে লাগাতে হবে। কেবল চাকরির পেছনে না ছুটে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও আর্থিক সহায়তাকে কাজে লাগিয়ে তরুণদের আত্মকর্মী হিসেবে আত্মপ্রকাশ করার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত সফল উদ্যোক্তাদের মাঝে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মোট ৬ লাখ ২০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। পাশাপাশি সমাজে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন যুব কর্মী ও সংগঠনের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। এর আগে উপজেলা পরিষদ চত্বরে একটি সংক্ষিপ্ত বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
প্রকাশিত: রোব বার, ০১ নভেম্বর ২০২৬ খ্রি.














