ফরিদগঞ্জে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

ফরিদগঞ্জ প্রতিনিধি :
চাঁদপুরের ফরিদগঞ্জে হাবিব মৃর্ধা (২৫) নামে এক যুবকের গলাকাটা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

রোববার (৮ আগস্ট) দুপুরে উপজেলার ১১নং চর দুঃখিয়া পূর্ব ইউনিয়নের গুপ্তের বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি ১৪নং ফরিদগঞ্জ (দক্ষিণ) ইউনিয়নের পূর্ব হর্নিদুর্গাপুরের মৃত মনির মৃর্ধার অবিবাহিত ছেলে হাবিব মৃর্ধা। পেশায় একজন কৃষক।

সম্প্রতি ফরিদগঞ্জে আইন শৃংখলার ব্যাপক অবনতি লক্ষ্য করা গেছে।

পরিবারের লোকজনের মধ্যে নিহতের বড় বোন রোকেয়া বেগম, ভাগ্নি আরিফা বেগম তন্নি, ভাতিজা রাকিব মৃর্ধা জানায়, চাঁদপুর বোনের বাসা থেকে গত ৪ আগস্ট শনিবার দুপরে মোবাইল ফোন পেয়ে বের হয়ে আর বাসায় ফেরেনি। আত্মীয়-স্বজনের বাসায় খোঁজাখুঁজি করেও কোনও সন্ধান পাইনি। অবশেষে আজ গুপ্তেরবিলে লাশের কথা শুনে ছুটে এসে দেখি আমার ভাইয়ের লাশ। ভাইকে জবাই করে হত্যা করা হয়েছে। বাসা থেকে তার বন্ধু মদিনা বাজার এলাকার আঃ রহিমের ফোন পেয়ে বের হয়েছে।

পারিবারিক সূত্র আরোও জানায়, আমাদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বিল্লাল বরকন্দাজদের সাথে। ইতিপূর্বেও একাধিকবার হত্যার চেষ্টা করেছে তারা।

এ বিষয়ে ১১নং চর দুঃখিয়া ইউনিয়নের মেম্বার হাসান আহমেদ সুমন ও ১৪ নং ফরিদগঞ্জ (দক্ষিন) ইউনিয়নের মেম্বার ইসমাইল হোসেন টিপু জানান, বিল্লালদের সাথে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ১০/১২টি মামলা রয়েছে।

তাছাড়া শুনেছি , ইতিপূর্বেও হত্যার জন্য ৪ লাখ টাকা কন্টাক করার পর হত্যা না করে টাকা ভাগভাটোয়ারা করে নিয়েছে একটি চক্র।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন জানান, প্রথমে অজ্ঞাত পরিচয় হিসেবে লাশটি উদ্ধার করতে গেলেও ঘটনাস্থলেই লাশটির পরিচয় পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম হাবিব মৃর্ধা । লাশটি উদ্ধার পক্রিয়া চলছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

You might like