মাদকাসক্ত অবস্থায় নিজ ঘরে আগুন, যুবক গ্রেফতার

মোঃ কামরুজ্জামান সেন্টুঃ
চাঁদপুরের শাহরাস্তিতে মাদকাসক্ত অবস্থায় নিজ ঘরে আগুন দেয়ার অভিযোগে মনির হোসেন বাবু (৪০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) দুপুরে তাকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কিছুদিন পূর্বে শাহরাস্তি পৌরসভার ১২ নং ওয়ার্ডের বিশারা গ্রামের শামছু মুহুরীর বাড়িতে মাদকাসক্ত অবস্থায় নিজ ঘরে আগুন দেন বাবু। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

ওই ঘটনায় গত ৬ আগস্ট শাহরাস্তি মডেল থানায় একটি মামলা করা হয়। মামলার প্রেক্ষিতে থানার ওসি’র নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল কুদ্দুছ সরকার সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে এজাহারনামীয় একমাত্র আসামি মনির হোসেন প্রকাশ বাবুকে গ্রেফতার করেন।

শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, গ্রেফতার আসামিকে দুপুরে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

জানা যায়, গ্রেফতারকৃত মনির হোসেন প্রকাশ বাবু শাহরাস্তি পৌরসভার বিশারা গ্রামের মোহাম্মদ মমিনের ছেলে।

প্রকাশিত :  ‍শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

You might like

About the Author: priyoshomoy