
যুবক অনার্য :
কোনো এক গ্রীষ্মের ঘরোয়া সন্ধেবেলা
তোমাদের মধ্যে ঝগড়া হলো খুব
যেনো কালবৈশাখী ঝড় – উড়িয়ে নিয়ে যাবে
সমস্ত চরাচর,
পড়ে থাকবে কেবল ঝড় শেষে স্তব্ধতার
করুণ চিৎকার।
তুমি অভিমান ক’রে পাশের রুমে চলে গেলে;
সারাটা রাত
ওখানেই কাটালে একলা একা।
সকাল বেলা ঘুম থেকে উঠে
দেখলে – তোমার সঙ্গীটি
সারা বাড়ির দেয়ালে এমনকি ছাদেও-
সুবর্ণা,আমি তোমাকে ভালোবাসি
সুবর্ণা,আমি তোমাকে ভালোবাসি
সুবর্ণা,আমি তোমাকে ভালোবাসি…
এভাবে লিখে রেখেছে অজস্রবার!

তবু একদিন কাগজ-কলমে সই ক’রে
সেই ভদ্রলোকটিকে ছেড়ে তুমি চলে গেলে
তৃপ্ত হবার অন্য কোনো বাসনাকে ঘিরে।
কেনো গেলে- কেনো চলে যাও!
তুমি চলে গেলেই দেয়ালের অই লেখাগুলো
মিথ্যে হয়ে যায় না,
শুধু মিথ্যে হয়ে যায় সুবর্ণার দ্বিতীয় তৃতীয়
কিংবা চতুর্থ দেয়াল!








