আমি কোনো ভাড়াটিয়া নই

যুবক অনার্য :

আমি কোনো ভাড়াটিয়া নই

কখনো এ বাংলার বুকে কৃষ্ণপক্ষের শুক্ল চন্দ্রিমায়
অমানিশা আসে
পরশিবাড়ি কেঁপে ওঠে
হারান মাঝি এক নৌকো নিয়ে চলে যায় মাঝরাতে মেঘনার পাড়ে
কৈবর্তপাড়ায় জরিনার ঘুম বুঝি ভাঙে
নগরে পরিবেশবিরুদ্ধ মুর্খতা চর্চিত হলে
নিশাচর কেউ কি মরে গিয়ে
বেঁচে থাকবার আত্মপ্রসাদে মরমে মরে!
অচরিতার্থ পুরুষের সাথে ঘর বেধে
একদিন দুপুর রাতে ঘরণির
কি যে হয়- নাকি সে আট বছর
আগের একদিনের
পরিপন্থি হয়ে ভূতের মধ্যে জোছনা দেখে!
প্রসঙ্গত ফিরে এসে পুনরায়
ঘোষনা হোক- আমি কোনো ভাড়াটিয়া নই
এ মাটির বুকে ছত্রিশ বছর লুন্ঠিত থেকে
ঝড় তুলে, মিছিলে,গ্রামীণ হালটে,
নগরের ভরা যৌবনে
আমি হারান মাঝি আর জরিনার শোকগাথা ছেনে
ভুতের মধ্যে জোছনা দেখে
রেটিনার চৌকশ জলে
লিখে যাবো- আমি কোনো ভাড়াটিয়া নই
মৃত্যুর সমান বয়সী আমি বাংলার মাটি হৃদয়ে লাল সূর্য নিয়ে আমি
সবুজ বাংলাদেশ।

You might like