বেদনা মধুর মতো বাজে : যুবক অনার্য

বেদনা মধুর মতো বাজে
আর সুখেরা কষ্টের মতো কাঁদে-
এ কথা কোনো কবিতা নয়
কিংবা কোনো কবিরও নয়
কবিতা না হলেও কবিরা না বোল্লেও
বেদনা বেজে চলে
সুখেরা কেঁদে ভাসে জলে।

আত্মহত্যা হলো না তো
মন্দ থাকা হলো না আমার
এই মধ্য বয়সের বিন্দু বিসর্গ
তবু ছুঁয়ে –
তোমাকে – কথা ছিলো
শুধু একটি বার এক পলক দেখেই
নিজেকে হত্যা করে ফেলবো নিজেই আত্মহত্যা হলো না আমার হয়তো বা
তবু কোনো না কোনো সংকল্প তো ছিলোই লুকিয়ে ব্যক্তিগত ক্ষতের মাঝখানজুড়ে –
সেই যে মেঠো পথ সেই যে
চকের মধ্য দিয়ে হেঁটে চলা-
এমন স্বপ্ন সাধারণ – এক জীবনে
অজানাই রয়ে গেলো সৃষ্টিতত্ত্বের মতো রহস্যের উৎস সন্ধানে, যে রহস্য সমাধানযোগ্য বস্তুত নয়।
মানুষেরা কীভাবে যে এরকম সুখী!- যেরকম, ধরো -সেই লোকটি দৈনিকের পাতায় বুলিয়ে চোখ তোমার তৈরিকৃত চায়ে চুমুক দিয়ে প্রতিবার সবজিচোখে
তোমাকে দেখে নেয় ইচ্ছেমতন
কতো শতবার!
এমন কী যোগ্যতা আছে তার
তোমাকে দেখে নেবার
প্রকৃতপ্রস্তাবে অযোগ্যতা আর স্থুলতাই
সহজ শর্ত সুখী হবার।
অই লোকটি করেছে অর্জন
ভালোবাসার বাড়া ভাতে ছাই ঢেলে
-যেনো এক ইডিয়ট রচিত সংবিধান। মাষেরা কীভাবে যে দুঃখী
সারাটা জনমভর- যেমন, এক জীবনে আত্মহত্যার বিনিময়ে
তোমাকে দেখা হলোই না আমার
মাত্র একটি বার!

কলেজের পেছন দিকটায় জলাধার
পাশে গাছপালা, গাছের গোড়ায়
শান বাধানো ঘাটের মতো
জায়গা – গোলাকার- বেঞ্চির মতো যেখানে কতদিন কিংবা দু’একদিন সফিক ছেলেটা সেইগুলি বৃক্ষের পাশে দাঁড়িয়ে থেকে যেনো অনন্তকাল
দাঁড়িয়ে থেকেই তোমাকে নিয়েছিলো দেখে, মন ভরে প্রচন্ড খরতাপে বৃষ্টিপাতের মতো ক’রে; বলেছিলো
আধা ইনটেলেকচুয়াল হাবিজাবি।
আমি পারি নি হতে সফিকের মতো
সফল ব্যর্থ প্রেমিক,
পাইনি সাহস তোমার দিকে স্ট্রেইট অথবা আড়চোখে তাকাবার-
এসব তুমি জানবে না কোনোদিন।
তোমাকে দেখতে পারিনি বোলেই নিজেকে মনে হয় জন্মান্ধ উইপোকা।

বিলু, তোমাকে যেদিন দেখতে না পারা শুরু – সেদিনই আমার
মৃত্যু ঘটে গিয়েছিলো।
প্রকৃতি হিসপব মেলাবে
নিজস্ব নিয়মে তার ;
তোমাকে একটিবার
দেখতে না পারাই আমার জীবনে
মিলে যাওয়া সবচেয়ে বড়ো হিসেব,
তারচেয়ে বড় হিসেব –
এ বিষয়ে মানে তোমাকে আমার
দেখতে না পারা – যে উপাখ্যান
তোমার কাছে নিতান্তই অজানা
এবং পদ্ম পাতার মামুলি কোলাহল
তাই এ নিয়ে হিসেব মেলাবার মতো কোনো কিছু তোমার কাছে
কানাগলির মতোই অবাঞ্চিত জনপদ।

প্রকৃতি হিসেব মেলাবে
নিজস্ব নিয়মে তার,
তবু আমি দু’কলম ন্যারেটিভ লিখে মিলিয়ে দিচ্ছি হিসেব তোমার : এই লেখাটি পথ ভুলে পৌঁছে গেলেই
তোমার মনে হবে – এক জীবনে আমি কেনো করিনি আত্মহত্যা অজস্রবার।-
এ আফসোস তোমার রয়ে যাবে
চিরকাল নতুবা জন্মের ওপার!

You might like