দক্ষিণ আলগী হাফিজিয়া মাদরাসার উদ্যোগে হামদ, নাত ও কেরাত প্রতিযোগিতা

শরীফ মোঃ মাছুম বিল্লাহ

পবিত্র মাহে রমজান উপলক্ষে হাইমচর উপজেলার দক্ষিণ আলগী নুরুজ্জামান জিয়াউন্নিসা হাফিজিয়া মাদরাসার উদ্যোগে কোরআন তেলওয়াত, হামদ-না’ত ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মাসব্যাপী এ অনুষ্ঠানের চুড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে ২৪ রমজান (১৬ এপ্রিল) বিকাল ৪ টা। পুরস্কার হিসেবে রয়েছে বাংলা অনুবাদ সহ মহাগ্রন্থ আল কোরআন এবং নগদ অর্থ।

জানা যায়, দক্ষিণ আলগী নুরুজ্জামান জিয়াউন্নিসা হাফিজিয়া মাদরাসা পরিচালনা কমিটির সেক্রেটারি ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সিনিয়র যুগ্ম মহাসচিব ড. মোঃ সলিম উল্লাহ’র তত্বাবধানে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে শিশু, কিশোর, যুব, তরুন এবং মাদরাসা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য রয়েছে অনন্য আয়োজন। চারজন প্রসিদ্ধ সাহাবীর নামে গ্রুপ বিভাজন করে হযরত আবু বকর (রা.) গ্রুপে হাফেজদের জন্য কোরআন তেলওয়াত, হযরত ওমর (রা.) গ্রুপে হামদ ও না’ত, হযরত ওসমান (রা.) গ্রুপে একাদশ থেকে মাষ্টার্স সমমানের শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা ও হযরত আলী (রা.) গ্রুপে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতার মান নির্ণয় করা হয়েছে।

এ প্রতিযোগিতায় প্রতি গ্রুপে বিজয়ী প্রথম স্থান অর্জনকারী পাবে ৩ হাজার টাকা নগদ অর্থ। পর্যায়ক্রমে অন্যান্যদের পুরস্কৃত করা হবে। এ প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন- আওলাদে রাসূল সাঃ, দেশ বরেণ্য ওলামা মাশায়েখ, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক এবং বিভিন্ন স্তরের গন্যমান্য ব্যক্তিবর্গ।

মাদরাসা পরিচালনা কমিটির সেক্রেটারি ড. মোঃ সলিম উল্লাহ জানান, যারা রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, তারা নিজ হাতে স্পষ্টাক্ষরে নিয়মমাফিক রচনা লিখে ২০ রমজানের পূর্বে মাদরাসা অফিস কক্ষে জমা দিতে হবে। যারা কোরআন তেলওয়াত, হামদ ও না’ত বিষয়ে অংশগ্রহণ করবে তারা ফরম পূরণ করে ২৪ রমজান সকাল ৯ টায় মাদরাসা মাঠে উপস্থিত হতে হবে। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিকেলে পুরস্কার বিতরণ ও ইফতারের আয়োজন করা হবে।

তাই, হাইমচর উপজেলাসহ যেকোনো স্থান থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে প্রতিভাবান শিশু কিশোরদের আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে অংশগ্রহণ ও সার্বিক যোগাযোগের জন্য হাফেজ মাওলানা ইব্রাহীম-০১৭৭৮৮১১০৮৫ , মাওলানা আনিসুর রহমান- ০১৬৯০২০২১৭৭, ক্বারি আব্দুল হালিম ফরাজী- ০১৭৮৪৫৬৫৫০৩। বর্ডারপুল, হাইমচর, চাঁদপুর।

You might like