বোদায় সাংবাদিক নাদিম হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

পঞ্চগড়ের বোদায় সন্ত্রাসী হামলায় জামালপুরের বাংলানিউজের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ও একাত্তর টিভির সংবাদ সংগ্রাহক সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

১৮ জুন (রবিবার) সকাল ১১টায় বোদা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বোদা উপজেলার সকল সাংবাদিকবৃন্দের ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়।

এসময় উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মাজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল খালেক, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি এন এ রবিউল হাসান লিটন, ইত্তেফাক প্রতিনিধি আশরাফুজ্জামান খোকন, দৈনিক গণতদন্ত প্রতিনিধি মো. আব্দুল গফুর, সাইদুর প্রধান, শাজাহান প্রধানসহ গণমাধ্যমকর্মীরা বক্তব্য রাখেন।

এ সময় সাংবাদিক বক্তারা নাদিম হত্যার প্রধান আসামিকে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ সকল আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সাংবাদিকরা। একই সঙ্গে দেশের সব সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতসহ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানানো হয়।

You might like