পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় থ্রি-হুইলারের যাত্রীদের মর্মান্তিক শিশুকন্যাসহ নিহত ৩

মোঃ এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী থ্রি-হুইলার দুমড়েমুচড়ে যাওয়ার মর্মান্তিক দুর্ঘটনায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কৈকিল্লা দিঘী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— স্থানীয় সাংবাদিক আলী আজগর খোকনের স্ত্রী ও পঞ্চগড় বিসিক শিল্পনগরীর হিসাবরক্ষক মাহমুদা আক্তার (৩৫), তাদের আট বছরের মেয়ে আল আকসা সুমাইয়া সম্প্রীতি এবং দেবীগঞ্জ উপজেলার পামুলী এলাকার প্রমিলা রানী (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে যাত্রীবোঝাই থ্রি-হুইলারটি বোদার সাকোয়া বাজার থেকে উপজেলা শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কৈকিল্লা দিঘী এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক থ্রি-হুইলারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ধানক্ষেতে ছিটকে পড়ে এবং এর আট যাত্রী গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে গুরুতর আহত মাহমুদা আক্তার, তার মেয়ে আল আকসাসহ পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর ও ঠাকুরগাঁওয়ের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় মাহমুদা আক্তার ও তার মেয়ে সম্প্রীতি রংপুরে রাতে এবং প্রমিলা রানী ঠাকুরগাঁওয়ে মৃত্যুবরণ করেন।

দুর্ঘটনায় আহত অন্যরা হলেন— বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের সবুজপাড়া এলাকার আয়শা (২), বীরপাড়া এলাকার রহিদুল ইসলাম (৪৮), নগর সাকোয়া এলাকার নাসরিন আক্তার (৪৬) ও তার মেয়ে স্বীকৃতি (৭) এবং চন্দনবাড়ি ইউনিয়নের প্রামাণিকপাড়া এলাকার আক্তারুজ্জামান (৩৩)। এদের মধ্যে একজনকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মণ্ডল জানান, সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে শনাক্ত করা হয়েছে এবং এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy