

সজীব খান :
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন এস এম বাকের খন্দকার। শুক্রবার বিকেলে হযরত শাহ মাহমুদ বাগদাদী (রহ.)-এর মাজার শরীফ জিয়ারতের মধ্য দিয়ে তিনি তাঁর প্রচারণামূলক কার্যক্রমের সূচনা করেন।
এস এম বাকের খন্দকার চাঁদপুর জেলা বিএনপির সদস্য, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন প্রত্যাশা ব্যক্ত করেছেন।

প্রচারণার শুরুতে তিনি এলাকার শান্তি, সমৃদ্ধি ও মানুষের কল্যাণ কামনা করে এলাকার উন্নয়ন, জনকল্যাণ এবং সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি শাহমাহমুদপুর ইউনিয়নকে একটি উন্নত, সুন্দর ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যাশা নিয়ে এগিয়ে যেতে চান।
প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ খ্রি.














