

শীতের সকাল। কুয়াশায় ঢাকা চারপাশ। ঘুম ভাঙার আগেই আলমের মুঠোফোনে অ্যালার্ম বেজে উঠছিল। কোম্পানির কঠিন প্রশিক্ষণপর্ব শেষ করে ৪১ দিনের মাথায় তার পোস্টিং হয়েছিল মফস্বলের এক অজোঁপাড়াগাঁয়ে। ক্লিন সেভ করা মুখ, গায়ে নতুন ইস্ত্রি করা শার্ট, আর কাঁধে ভারী একটা ব্যাগ—এই নিয়ে শুরু হয়েছিল তার জীবনযুদ্ধ।
প্রশিক্ষণের সময় মনে হয়েছিল এ এক ভিন্ন জগৎ, কিন্তু মাঠে নামার পর সেই জগৎ রূপ নিয়েছিল এক নীরব নরকে। আলম যখন ফার্মেসির সামনে গিয়ে দাঁড়াত, তখন মনে হতো সে যেন অদৃশ্য কেউ। দোকানের মালিক ও কর্মচারীরা এমনভাবে তাকাত, যেন তাদের সামনে মানুষ নয়, পথের ধুলোবালি দাঁড়িয়ে আছে। রাস্তার ধারের নামহীন হকাররাও হয়তো এর চেয়ে বেশি সম্মান পেত। অথচ আলমের নিজের শিক্ষাগত যোগ্যতা কম ছিল না; সে মাস্টার্স পাস করেছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—অষ্টম শ্রেণি পাস করা ফার্মেসির কেমিস্ট বা দোকানদারের মুখে কটু কথা আর ঝাড়ি শোনার জন্য তাকে প্রতিদিন দাঁড়িয়ে থাকতে হতো। ফার্মেসির মালিক রফিক ভাই একদিন বিরক্ত হয়ে বলেই ফেললেন, “তোমাদের এই টার্গেটের কোম্পানির যন্ত্রণায় দোকানে টেকা যায় না। ওষুধে কিচ্ছু নেই, শুধু টার্গেট আর টার্গেট!”

আলম মৃদু হেসে বলেছিল, “ভাই, আমরা তো কেবল নিয়ম মানি। একটু সহযোগিতা করুন।”
কিন্তু কে শোনে কার কথা! কর্পোরেট পলিটিক্সের জাঁতাকলে পিষ্ট হয়ে মাঠপর্যায়ের কর্মীদের জীবন আজ ক্রীতদাসের চেয়েও অধম হয়ে পড়েছিল। প্রাচীনকালের দাসপ্রথা যেন নতুন রূপে ফিরে এসেছিল এই প্রতিনিধিদের মাধ্যমে। কোম্পানি থেকে শুরু করে চিকিৎসক, আর শেষ পর্যন্ত ফার্মেসির দোকানদার—সবার দাসত্বের শৃঙ্খলে তারা বাঁধা পড়েছিল। মাস শেষে যখন টার্গেট পূরণ হতো না, তখন কিছু নিষ্ঠুর কোম্পানির নীতি অনুযায়ী কর্মীদের বেতন কেটে রাখা হতো। আলম ভাবত, একজন মানুষ সারা মাস হাড়ভাঙা পরিশ্রম করার পর যখন দেখত তার বেতনের টাকা কেটে নেওয়া হয়েছে, তখন তার বুকটা কীভাবে ভেঙে চূর্ণ হতো! বাসাভাড়া, পরিবারের ওষুধপত্র, বাজারের থলি—সব মিলিয়ে যখন চাপ আসত, তখন সেই মানুষটির মানসিক অবস্থা কেমন হতো? সংসার চালানোর তাগিদে সে বারবার ব্যর্থ হতো, আর পরবর্তী মাসের টার্গেট তার কাছে আরও পাহাড়সম হয়ে উঠত।
একদিকে বসের কড়া মেজাজ, অন্যদিকে পরিবারের না-বলা কান্না। আলমের ছোট্ট মেয়ে রিমি রাতে ঘুমোনোর আগে প্রায়ই বাবাকে জড়িয়ে ধরে বলত, “বাবা, তুমি কবে আমাদের সাথে সারাদিন থাকবে? তোমার ব্যাগে সবসময় শুধু ওষুধের বাক্স কেন থাকে?”
আলম মেয়ের মাথায় হাত বুলিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলত, “মা রে, এই ব্যাগ টানার প্যারা থেকে যেদিন মুক্তি পাব, সেদিন সারাদিন তোমার সাথেই থাকব।”
কিন্তু সেই মুক্তির দিন কি আসত? শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা—অন্যসব মানুষ যখন ছুটির দিনে ঘরে বসে আরাম করত, তখন এই চাকরিজীবীদের বিরামহীন ছুটে চলতে হতো বৃষ্টির জলে ভিজে আর রোদে পুড়ে। কর্পোরেট অফিসের এসির বাতাসে বসে বসেরা শুধু হুকুম দিতো, আর মাঠকর্মীরা রক্ত পানি করে টার্গেট পূরণের জন্য মরিয়া হয়ে উঠত। মাঝে মাঝে খবরের কাগজে বা সোশ্যাল মিডিয়ায় এই পেশা নিয়ে উপহাসমূলক ভিডিও বা নিউজ প্রচার করা হতো। এসব ভিডিও যখন আলমের বৃদ্ধ বাবা-মা দেখতেন, তখন তাদের বুকের ভেতরটা কেঁপে উঠত। তারা ভাবতেন, তাদের সন্তান প্রতিদিন এত কষ্ট করে কি তবে কেবল অপমান কুড়ানোর জন্যই বেঁচে আছে? আলম কখনো বাসায় বলত না যে আজ রাস্তায় তার পা মচকে গিয়েছিল কিংবা এক্সিডেন্ট থেকে সে বেঁচে ফিরেছিল। সে সব ব্যথা বুকের গভীরে লুকিয়ে রাখত, যেন পরিবারের চোখে জল না আসে। এদিকে সাংবাদিকের এক ভিডিও প্রতিবেদনে যখন মাঠকর্মীদের নানা অবমূল্যায়ন করে ফুটিয়ে তোলা হলো, তখন আলমের মতো হাজারো কর্মীর মনে হলো, কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়া হলো। মাঠকর্মীদের নানা নামে ডেকে তাদের সম্মানকে আরও ধূলিসাৎ করা হয়েছিল। তবে সবার গল্প তো একরকম ছিল না। কিছু কিছু জায়গায় চিত্রটা একটু আলাদা ছিল। সেখানে কর্মচারীদের ওপর অমানবিক চাপ সৃষ্টি করা হতো না, সময়মতো বেতন ও ডিএ বিল পরিশোধ করা হতো। করোনাকালের চরম দুর্যোগেও যেখানে অনেকে চাকরি হারিয়েছিল, সেখানে কিছু মানবিক হৃদয়ের উর্ধ্বতন কর্মকর্তার বদৌলতে কর্মীরা বেঁচে গিয়েছিল। কিন্তু সব জায়গা তো এক ছিল না। বেশিরভাগ ক্ষেত্রে জীবনটা হয়ে পড়েছিল ত্যানা ত্যানা। চার বছর ধরে মনে হতো জীবনের কোনো অর্থ নেই, শুধু একটি চক্রের মধ্যে ঘুরপাক খাওয়া।
একদিন বিকেলে আলমের অবস্থা এমন হলো যে, অতিরিক্ত পরিশ্রম ও মানসিক চাপের কারণে সে ফার্মেসির সামনেই মাথা ঘুরে পড়ে গেল। তার চোখের সামনে ভেসে উঠল তার বৃদ্ধ মা ও ছোট্ট মেয়ের মুখ। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার যখন বলল, “অতিরিক্ত দুশ্চিন্তা ও অপুষ্টির কারণে শরীর ভেঙে পড়েছে,” তখন আলমের সহকর্মী তরুণ এক কর্মী ফুঁপিয়ে কেঁদে উঠল। সে বিড়বিড় করে বলত, “এই চাকরির কোনো ভবিষ্যৎ নেই। জীবনে একটুখানি শান্তি নেই, রাতে শান্তিতে ঘুমানোর জো নেই।”
আলম হাসপাতালের বিছানায় শুয়ে জানালার বাইরে তাকিয়ে দেখল, একটি পাখি মুক্ত আকাশে উড়ছে। সে মনে মনে ভাবল, পৃথিবীর সব জায়গায় এই পেশাকে যথার্থ মর্যাদা দেওয়া হয়, কেবল তাদের কপালেই জুটেছে অবহেলা আর বঞ্চনা। সবাই প্রতিবাদ করতে পারে না বলেই এই নীরব শোষণ বছরের পর বছর ধরে চলে আসছে। সেদিন রাতে আলমের ডায়েরির শেষ পাতায় কয়েকটি লাইন লেখা হয়েছিল, যা পড়ার সময় যেকোনো সংবেদনশীল মানুষের চোখে জল চলে আসবে:
“জীবনটা তো কোনো পণ্য নয় যে টার্গেট পূরণ না হলেই কেটেছেঁটে ছোট করে দেওয়া হবে। আমরা মানুষ, কোনো যন্ত্র নই। ঝড়-বৃষ্টি উপেক্ষা করে যে পায়ে হেঁটে আমরা এই সমাজকে সেবা দিয়ে যাচ্ছি, তার বিনিময়ে একটু সম্মান কি আমাদের প্রাপ্য ছিল না? আজ হয়তো শরীরটা হেরে গেছে, কিন্তু আত্মা বলছে—একদিন এই দাসত্বের শৃঙ্খল ভেঙে নতুন এক সকাল আসবে, যে সকালে কোনো মা তার সন্তানের জন্য আর চোখের জল ফেলবে না।”
হাসপাতালের সেই ছোট্ট কেবিনের আলো নিভে গেল। কিন্তু হাজারো মাঠকর্মীর বুকের গভীরে জমে থাকা দীর্ঘশ্বাস আর অপমানের করুণ সুর রাতের অন্ধকারে মিলিয়ে গেল এক বুক শূন্যতা নিয়ে।
প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ খ্রি.














