

মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের মতলব দক্ষিণে বাড়িতে দুধ দিতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে ১২ বছর বয়সী এক শিশু। এ ঘটনায় অভিযুক্ত স্থানীয় বিএনপির সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম লুৎফর রহমান (৭০)। তিনি উপজেলার একটি ইউনিয়ন শাখা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্তের পরিবার প্রতিদিন ওই শিশুর পরিবারের কাছ থেকে দুধ কিনত। বুধবার বাড়িতে কেউ না থাকায় শিশুটির মা তাকে দুধ দিয়ে আসতে বলেন। দুধ দিয়ে ফিরে আসার সময় অভিযুক্ত তাকে মুখ চেপে ধরে ঘরে নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।
পরে বাড়ি ফিরে শিশুটি মাকে বিষয়টি জানায়। এরপর রাতে শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মতলব দক্ষিণ থানায় মামলা করেন।
মামলার পর রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পয়ালীবাজার এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
ভুক্তভোগী শিশুর মা বলেন, ঘটনার পর থেকে তার মেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে। আজ সে পড়তে যেতেও পারেনি। তিনি অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে। মামলাটির তদন্ত চলছে।
প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ খ্রি.














