
এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদা উপজেলায় বালতির পানিতে ডুবে ফারিহা আক্তার নামে ১৩ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১ আগষ্ট) সকাল উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের সরকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশু ফারিহা আক্তার একই এলাকার ফরিদুল ইসলামের মেয়ে।
জানা যায়, সকালে শিশু ফারিহাকে বাড়ির উঠানে খেলতে দিয়ে রান্নার কাজে ব্যস্ত ছিলেন মা। একপর্যায়ে বাড়ির উঠানে রাখা বালতিতে হাতে থাকা দুইটি লেবু ফেলে দেয় সে। সেগুলো তুলতে গিয়ে বালতিতে পড়ে যায় ফারিহা।
পরে ফারিহাকে উদ্ধার করে গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়েগেলে শিশুটিকে মৃত ঘোষণা করেন তিনি।

মাড়েয়া বামনহাট ইউনিয়নের চেয়ারম্যান আবু আনছার মো. রেজাউল করিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।










