অনুভব : ড. শাহনাজ পারভীন

খুব খুশি হলে আগে চোখে পানি আসতো
এখন আর আসে না, রোবট হয়ে গেছি।
খুব দুঃখ পেলে চোখ ভিজে যেতো
এখন ভেজে না, পাথর হয়ে গেছি।

এই যে, খুশি হতে ভুলে গেছি
এই যে, দুঃখ পেতে ভুলে গেছি
সে তোমাদেরই দান!

তোমরাই আমাকে আঘাতে ও ঈর্ষায়
সাধারণ থেকে অসাধারণ করেছো।
তোমরাই শিখিয়েছো,
কিছু জানার মধ্যে যেমন জ্ঞান লুকিয়ে থাকে,
তেমনি অকারণ অনেক কিছু না জানতে চাওয়ার মধ্যেও আছে প্রজ্ঞা।

আমি নিজেই জেনেছি,
চলার মধ্যে যেমন আনন্দ
থেমেও তৃপ্তি পাই বিষাদচূড়ায়।

তাই আমি জেনে, না জেনে, চলে- থেমে
দিনে দিনে সূর্য ও মেঘের মতো রোদ ও বৃষ্টি হয়ে উঠছি
তাই আমাকে আঘাত করে আর লাভ নেই!

You might like