

কোরান—
“কোরান বিশ্লেষণে যে খুঁজে পাননি সত্যের সন্ধান

কোরানের মর্মার্থ সে বুঝেনি—এটাই কোরানের শান”
বাইবেল, গীতা, উপনিষদ, বেদ, পুরাণ, ত্রিপিটক, জেন্দাভেস্তা, গ্রন্থসাহেব ইত্যাদি—পৃথিবীর প্রায় ধর্মরই ধর্মগ্রন্থ আছে এবং পড়া হয়। তন্মধ্যে বলা যায়, সবচেয়ে বেশি পঠিত বই হচ্ছে—কোরান। কোরান পড়লে বা শুনলে কয়েকটা লাভ—প্রথমত : পুণ্যের অধিকারী হওয়া যায়। দ্বিতীয়ত : জ্ঞানের পরিধি বাড়ে। তৃতীয়ত : জীবনের বিধানপদ্ধতি বা কাঠামো সুন্দর, শ্রেয় ও সুবোধ করা যায়। কোরান থেকে যা শেখা যায় এবং জানা যায় পৃথিবীর আর কোনো গ্রন্থে তা পারা যায় না। সুতরাং কোরান পড়লে ও শুনলে এবং বুঝলে জীবন সুন্দর ও সমৃদ্ধশালী হতে পারে বা করা যেতে পারে। কোরান শিক্ষা দিচ্ছে—সরল হওয়ার কথা, সরলপথে চলার ও থাকার কথা, সৎ ও সততার কথা, কৃতজ্ঞতার কথা, ধৈর্যধারণের কথা এবং সংযমী হওয়ার কথা। অতএব এই কয়েকটা জিনিস প্রতিটি মানুষের প্রতিটি স্তরে স্তরে প্রযোজ্য আর আবশ্যিক তবেই একজন মানুষ মানুষ বলে গণ্য হয় এবং হতে পারে।
সুবিন্যস্ত ও বার্তাবহ একটি গ্রন্থ যদি বলা হয়, সেটি কোরান। সৌন্দর্য ও মাধুর্যমণ্ডিত একটি গ্রন্থ যদি বলি, সেটি কোরান। উৎকর্ষ, বাচনোৎকৃষ্ট, কাব্যিক, ছন্দময়, গঠনপ্রণালি, পঠনসুরময় ও বিশদ বর্ণনা-সম্পন্ন একটি গ্রন্থ যদি বলতে হয়, সেটি কোরান। কোরান হলো একটি কিতাব। কিতাবের আরেকটি অর্থ হলো—চিঠি। চিঠি হলো একটি বার্তা আর কোরান হলো আল্লাহর পক্ষ থেকে বার্তা এবং রাসুল হলো আল্লাহর (দূত) বার্তাবাহক। কোরানের আরেকটি আশ্চর্য দিক হচ্ছে—এখানে দুই ধরনের আয়াত রয়েছে (মোহকামাত বা মোহকাম—সুস্পষ্ট ও সুদৃঢ় এবং মোতাশাবিয়াত বা মোতাশাবি—রূপক ও রহস্যময়) মোহকাম আয়াত মানুষের পক্ষে বোঝা সম্ভব এবং মোতাশাবি আয়াত মানুষের পক্ষে বোঝা অসম্ভবই নয়, একেবারে চেষ্টা করাও বোকামি! কারণ, এগুলোর মর্মার্থ আল্লাহ ছাড়া কোনো মানুষের পক্ষে বোঝা সম্ভবপর নয়। আরও আশ্চর্যের বিষয় হলো, তেইশ বছর ধরে কোরান নাজিল হয়েছে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে বা পরিমণ্ডলে (একেকটি আয়াত ও একেকটি সুরা) আর এটা কোনো রাসুলের লিখিত ভাষাও নয়, বলিত ভাষা আর বলিত ভাষা কখনো সংশোধন করাও যায় না।
থুথু ফেলে দিলে যেমন আর মুখে ফিরিয়ে নেওয়া যায় না, মুখে বলা কথাও তদ্রূপ একবার বলে দিলে বা বলে ফেললে তা আর সংশোধন করা যায় না। তাই কোরান একটি মোজেজা, একটি প্রদীপ যা সৃষ্টির জন্যে স্রষ্টার প্রেরিত রহমত হয়ে এসেছে; সৃষ্টিকে আলোকিত করতে এবং পথ দেখাতে। কোরানের আইনকানুন, নিয়মনীতি ও আদেশ-উপদেশ মানবজাতির জীবনবিধান। কোরান যে প্রকৃতভাবে গবেষণা করতে পেরেছে, সে প্রকৃতপক্ষে মানবের মর্যাদা থেকে নিশ্চিত মহামানবের মর্যাদা লাভ করতে পেরেছে।
“কোরান নাজিল হয়েছে প্রদীপরূপে মানবজাতিকে পথ দেখাতে
কোরানকে বানাচ্ছি আমরা দোয়াকালাম ও তাবিজকবজের হিতে”
আল্লাহ কোরানে বারবার চ্যালেঞ্জ করছে “বলে দাও, যদি মানুষ ও জিন সবাই মিলে কোরানের অনুরূপ কিছু একটা আনার জন্যে একত্রিত হয়, তা হলেও তারা তা আনতে পারবে না; তারা পরস্পরের সাহায্যকারী হয়ে গেলেও” (সুরা বনি ইসরাইল—আয়াত ৮৮)
“এরা কি বলছে, নবি নিজেই এই কিতাব রচনা করেছে? বল, ঠিক আছে, তাই যদি হয়, তা হলে এর মতো দশটি সুরা তোমরা রচনা করে নিয়ে এস এবং আল্লাহ ছাড়া তোমাদের যেসব মাবুদ আছে তাদেরকে সাহায্যের জন্যে ডাকতে পারো—ডেকে নাও, যদি তোমরা সত্যবাদী হও” (সুরা হুদ—আয়াত ১৩)

“তারা কি বলে, এটি বানিয়ে এনেছ? বল, তোমরা যদি সত্যবাদী হয়ে থাক, তা হলে এর মতো একটি সুরা (বানিয়ে) নিয়ে এস এবং এক আল্লাহকে বাদ দিয়ে, যাকে ডাকতে চাও সাহায্যের জন্যে ডেকে নাও” (সুরা ইউনুচ—আয়াত ৩৮)
“এরা কি বলতে চায় যে, সে নিজেই এটা (কোরান) রচনা করে নিয়েছে? আসল ব্যাপার হচ্ছে তারা ইমান গ্রহণ করতে চায় না” (সুরা তুর—আয়াত ৩৩)
“তাদের একথার ব্যাপারে তারা যদি সত্যবাদী হয়, তা হলে এই বাণীর মতো একটি বাণী তৈরি করে আনুক” (সুরা তুর—আয়াত ৩৪)
“আর যেই কিতাবটি আমি আমার বান্দার প্রতি নাজিল করেছি, তাতে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তা হলে যাও, অনুরূপ একটি সুরা তোমরাও রচনা করে নিয়ে এস এবং এক আল্লাহকে ছাড়া—তোমাদের যা বন্ধুবান্ধব রয়েছে প্রয়োজনে তাদেরকেও সহযোগিতার জন্যে ডাক, যদি তোমরা সত্যবাদী হও” (সুরা বাকারা—আয়াত ২৩)
“আর যদি তা তোমরা করতে না পারো—নিঃসন্দেহে তা তোমরা কখনই করতে পারবে না। তা হলে ভয় কর আগুনকে যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যা তৈরি করে রাখা হয়েছে সত্য অস্বীকারকারীদের জন্যে” (সুরা বাকারা—আয়াত ২৪)
এমন কিছু একটা (কোরান) আবার দশটি সুরা আবার একটি সুরা তারপর একটি বাণী বা আয়াত—এমন চ্যালেঞ্জ কোনো মানুষ কি করতে পারে? তা হলে? আজ পর্যন্ত কোরানের সমপরিমাণ একটি আয়াত বা বাণী কে বা কারা রচনা করতে পেরেছে? নাকি পারবে? কেয়ামত পর্যন্ত চেষ্টা করলেও করতে পারবে না—এটা আল্লাহর গ্যারান্টি। কারণ, এটা আল্লাহর কিতাব, আল্লাহর বাণী এবং আল্লাহর চ্যালেঞ্জ—তাই। আরও আশ্চর্যের বিষয় হচ্ছে, চৌদ্দ-পনেরশ বছর পূর্বে এবং ভবিষ্য-কেয়ামত পর্যন্তে এমন কথা বলা বা এমন বই রচনা করা একজন নিরক্ষর মানুষের পক্ষে কি সম্ভব? মোটেই না।
অতঃপর বিস্ময়কর ব্যাপার হচ্ছে “চ্যালেঞ্জ হিসাবে সুরা কাউসার লিখে পবিত্র কাবার সামনে ঝুলে রাখা হয়; একারণে যে, যেন অবিশ্বাসীরা এর মোকাবেলায় একটি সুরা রচনা করে আনতে পারে। তখনকার দিনেও কাবা ছিল এমন একটি স্থান যেখানে কোনো ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তা দ্রুত চারি দিকে ছড়িয়ে পড়ত! শ্রেষ্ঠ পবিত্রস্থান হিসাবে আরব ও অনারবের মানুষের তীর্থস্থান ছিল কাবা—মক্কানগরী। আর এর মতো (কাউসার) আয়াত তখনকার প্রখ্যাত কবিসাহিত্যিক, দার্শনিক, বুদ্ধিজীবী ও চিন্তাবিদ পণ্ডিতগণদেরকে তৈরি করতে বলা হয়—হয়েছে। এই সুরা যেভাবে—যেই ব্যাকরণমতে ভাষার মৌলিকত্ব, সমীকরণ, বাচনভঙ্গি ও গঠনশৈলী বা পদ্ধতি ব্যবহার করে রচনা করা হয়েছে; ঠিক সেভাবে যেন রচনা করা হয়। অনেক চেষ্টার পর তারা যখন চ্যালেঞ্জ-মোকাবেলায় ব্যর্থ হন, তখন এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্যে মক্কার মুশরিকেরা তৎকালীন শ্রেষ্ঠ কবি লবিদকে অনুরোধ করেন। লবিদ ছিলেন সেই আমলের একজন মহাকবি। কবিসম্রাট লবিদ ঘণ্টার পর ঘণ্টা চিন্তা করতে লাগলেন, এর মোকাবেলায় কী রচনা করা যায়! অনেক চেষ্টা করে মহাকবি লবিদ এর মোকাবেলায় কিছুই সৃষ্টি করতে না পেরে সুরা কাউসারের শেষ আয়াতের নিচে, আয়াতের সঙ্গে ছন্দ মিলিয়ে লিখে দেন ‘এটা কোনো মানব-রচিত কালাম নয়” এই বাক্য বা উক্তি থেকে বোঝা যায়, কবি লবিদ আসলেই একজন বড়ধরনের কবি ছিলেন।
চৌদ্দশ বছর গুজরে গেল, পনেরশতে এসেও আজ পর্যন্ত কেউই এই চ্যালেঞ্জের সম্মুখে দাঁড়িয়ে একটি সুরা নয়, একটি আয়াতও রচনা করার সাহস দেখাতে পারেনি বা পারল না এবং ভবিষ্যতে পারবেও না। কারণ, এটি আল্লাহর চ্যালেঞ্জ, আল্লাহর কথা ও আল্লাহর বাণী। “আলিফ্ লাম্ মিম্। যা-লিকাল্ কিতাবু-লা-রাইবা ফিহি-হুদাল্লিল্-মুত্তাকিন্” যেভাষায় হোক, কত সহজেই-না আমরা পড়ে ফেলি! কিন্তু, বুঝতে গেলে বোঝা যায় এই কোরান কী জিনিস, স্রষ্টা তাঁর সৃষ্টিকে উপহারস্বরূপ দিয়েছেন। “কোরানে এমন ব্যাকরণ ব্যবহারিত হয়েছে, এমন বর্ণনাধারা রয়েছে, এমন ছন্দপ্রণালি ব্যবহার হয়েছে, ভাষার এমন আভিজাত্য রয়েছে, এমন কাব্যরস রয়েছে, এমন নান্দনিকতা রয়েছে, সৌন্দর্যে-মাধুর্যে এমন চিরন্তন বক্তব্য উপস্থাপিত হয়েছে, উৎকৃষ্টতায় পরিপূর্ণ এমন বাচনভঙ্গি ও রচনশৈলী ব্যবহারিত হয়েছে যে, কোরান অবতীর্ণ হওয়ার পর আরবের ভাষা বা আরবিভাষা বিশ্বে একটি আলাদা মর্যাদা লাভ করে। আরবি ভাষার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে, এতে উচ্চারণের সামান্য পার্থক্য হলে অর্থ পালটে যায়! আরবিতে একটি শব্দের অনেকগুলো প্রতিশব্দ রয়েছে। কোন কোন শব্দ কোন বর্ণনায় ব্যবহারিত হলে ভাষার গঠনরীতি উৎকৃষ্টতায় পরিপূর্ণ হয়—হবে এবং সঠিক ছন্দে উপস্থাপন বা উপস্থাপিত হবে তার পূর্ণ নিয়মকানুন কোরানে ব্যবহারিত হয়েছে। স্বাভাবিকভাবে যদি বলা হয়, মানুষের দ্বারা এতসব বিষয় ঠিক রেখে কিতাব বা বই লেখা সম্ভবই নয়, একেবারেই অসম্ভব। তা ছাড়া এতটা বিষয়বস্তু আর ব্যালেন্স ঠিক রেখে এবং শুদ্ধ ও বিশদবর্ণনায় এমন নির্ভুলভাবে একজন নিরক্ষর মানুষ লিখবেন কীভাবে বা কী করে?”
আর একজন মানুষ যত বড়ই কবিসাহিত্যিক, দার্শনিক, জ্যোতির্বিদ, বিজ্ঞানী, বুদ্ধিজীবী ও চিন্তাবিদ যত বড় পণ্ডিতই হোক-না কেন, কোনো লেখা বা বই এমন ব্যালেন্সে—বিশদ বর্ণনায় ও নির্ভুলভাবে কখনই রচনা করতে পারে না বা পারবে না। হয়তো ছন্দে, নাহয় তো অন্ত্যমিলে, নাহয় তো শব্দে, নাহয় তো তাল-লয়-সুরে, নাহয় তো বাক্যগঠনে কোথাও না কোথাও একটুখানি ভুলত্রুটি রেখেই যাবে এবং যায়। যতই সাজিয়ে-গুছিয়ে লেখা হোক-না কেন, আজ পর্যন্ত কোনো গ্রন্থ এমন বিশদভাবে কেউই রচনা করতে পারেনি এবং পারবেও না। কারণ, মানুষের রচনা বলে কথা। মানুষ নিজেই যেখানে সংশোধনের পর সংশোধন হয়েও শুদ্ধ হতে পারে না বা পারেনি, সেখানে মানুষের সৃষ্টি বা রচনা শত সংশোধনের পরেও কীভাবে বিশুদ্ধ হয়? হতে পারে না এবং পারবে না। কারণ, ভুল থেকেই মানুষের শুদ্ধি ও পৃথিবীতে আগমন এবং ভুল করে করেই ভুলের মধ্যেই আবার মানুষের পৃথিবী থেকে বিদায়গমন হয়—হচ্ছে—হবে। একমাত্র নবিরাসুল ছাড়া কোনো মানুষ ভুল করন ব্যতিত শুদ্ধ বা বিশুদ্ধরূপে পৃথিবী থেকে যেতে পারেনি এবং পারবেও না। ভুল করা মানুষের আদত। ভুল বা গুনা না করলে সে মানুষও নয় জিনও নয়, সে হবে ফেরেশতা আর ফেরেশতাদের ভুলও নেই, তাই গুনাও নেই। সুতরাং মানুষ ও জিন কখনই ফেরেশতা হতে পারে না, হয় না এবং হবে না।
আমি মুসলিম বলে বা ইসলাম আমার ধর্ম বলে একথা বলছি নে। আমি কোরান-অনুবাদ পড়েছি, জেনেছি এবং বুঝেছি—এটি কোনো মানুষের রচনা বা বয়ান হতে পারে না। কেউ ধর্ম মানুক বা না মানুক স্রষ্টার কিচ্ছু যায়-আসে না। কিন্তু কোরান মানতে হবে এবং বলতে হবে—এটি অবশ্য অবশ্য স্রষ্টারই প্রত্যাদেশ বা প্রেরিতবাণী এবং মানুষের জন্যে হিদায়েত ও অনুগ্রহ, যা মানুষকে পথ দেখাতে পারে আলোর এবং আলোকিত করতে পারে মানুষের জীবন। প্রত্যেক মানুষের—বিশেষ করে মুসলিমের দরকার এবং কর্তব্য যার যার নিজভাষায় কোরান-অনুবাদ পড়া। কোরান যে বুঝেছে সে সমস্ত কিছুকে বুঝেছে। কোরানই একমাত্র বিধান যা মানুষকে দিতে পারে সত্যের সন্ধান আর কোরানই হতে পারে মানবজাতির একমাত্র জীবনবিধান।
দুনিয়াতে সবচেয়ে অশান্তি বা গ্যাঞ্জামের জায়গা হচ্ছে ‘বাজার’ আর দুনিয়াতে সবচেয়ে শান্তি বা স্বস্তির স্থান হলো ‘উপাসনালয়’ এবাদতের স্থান। এটাও একটা বড় নিদর্শন। ‘হিকমত’ একজন মানুষকে যদি কলাকৌশল বা কর্মদক্ষতা শিক্ষা দেওয়া না হয়, তা হলে সে কাজ করবে কীভাবে এবং অকেজো, নষ্ট ও ফেলনাবস্তুকে মেরামত করবে কীভাবে? এটা নিয়ে কারও দ্বিমত বা বিরোধ মানায় না এবং থাকাও উচিত না। বিশ্বের প্রতিটি অঙ্গপ্রত্যাঙ্গে খোদার নিদর্শনের ছাপ। ‘সত্য’ বিধাতার দর্পণ ‘সততা’ মানবের লক্ষণ আর কোরান সত্য ও সততার বিরাট নিদর্শন। কোরানে বহুবার নিদর্শনের কথা বলা হয়েছে। আদর্শ হোক দর্শন, গাণিতিক কিবা বিজ্ঞানতথ্য কোরানের প্রতিটি অক্ষর এবং শব্দ সমস্ত বাক্যই এক-একটি বিস্ময় আর জ্ঞানীদের জন্যে চিন্তার বিষয়। কোরানের আদেশ-উপদেশ—প্রতিটি বাণীই অতুলনীয় এবং অনুসরণীয়। কোরান যতই পড়া হয় ততই নূতনত্ব মনে হয়, ততই কিছু-না-কিছু শেখা হয়। পৃথিবীতে একমাত্র বই—কোরান, যা বারবার পঠনেও ক্লান্তি আসে না, বিস্বাদ লাগে না এবং যতই পড়া হয় ততই মন বলে আরও পড়ি আরও পড়ি। কোরানের স্বাদ আস্বাদনে যার মনে ক্লান্তি আসে, সে কোরানের বাণীর স্বাদ বুঝেনি এবং পাননি; কোরানের মর্মার্থ বোঝা তার অনেক দূরে। এই কোরান শুধু মানবজাতির জন্যে প্রেরণ করা হয়নি, জিনজাতির জন্যেও প্রেরণ করা হয়েছে। জিনেরাও কোরান পড়ে, কোরান মানে। কোরানে (সুরা জিন) নামে একটি সুরাও আছে। তাদেরও হাশরনশর আছে, জীবন-মৃত্যু আছে।
কোরানের একশ চৌদ্দটি সুরার মধ্যে সবচে বড় হলো সুরা ‘বাকারা’ (গাভিটি বা গাভি প্রাচীর) আর সবচে ছোট হলো সুরা ‘কাউসার বা নাহার’ (প্রভূত কল্যাণ বা প্রাচুর্য—নহর বা প্রস্রবণ) এবং কোরানের প্রতিটি সুরার বৈশিষ্ট্য সৌন্দর্য ও গুণাবলি অতুলনীয়। আমি এখানে সংক্ষিপ্ত আলোচনাও নয়, একটুখানি বলব শুধু—সুরা কাউসারের সৌন্দর্যের কথা এবং বাকারার গুণাবলির কথা। সুরা কাউসারে কেবল (প্রভূত কল্যাণ বা প্রাচুর্যময়) নহরদানের সৌন্দর্যের কথা বর্ণনা হলেও—ফজিলত অনেক। বাকারায় কিন্তু গাভিবর্ণনার সাথে বিশ্বমানবতা ও মানবজাতির জীবনকাঠামো এবং ব্রহ্মাণ্ডের সমস্ত কিছুর ইঙ্গিত এবং বর্ণনা করা হয়েছে। তার ফজিলত এবার কতটুকুই হতে পারে? সুরা কাউসারের কথা যদি বলতে হয়, এটি যতই ছোট হোক-না কেন, যেমন গুণাবলি ও ফজিলত তুলনাহীন, তেমন সুরা বাকারার গুণাবলি ও ফজিলত অতুলনীয়। বাকারা নয়টি স্তরে বর্ণনা করা হয়েছে আর এই বর্ণনায় মানুষের জীবনের প্রতিটি স্তর—বিশ্বাস ও অবিশ্বাস, সৃষ্টি ও জ্ঞান…প্রার্থনার দিক…এবং আইনকানুন হতে শুরু করে সৃষ্টির এমন কিছুই নেই, যা প্রতিফলিত হয়নি (অন্যান্য সুরার কথা আমি বাদ দিলাম) এই একটিমাত্র সুরাকে বিশ্লেষণ করলে দেখা যায়, কোরান কোনো মানুষের বানানো গল্প বা বয়ান নয়। এমন শুদ্ধতম আশ্চর্য বর্ণনা একমাত্র স্রষ্টার পক্ষেই করা সম্ভব। আর—যে নবি কোনো দিন স্কুলে যাননি, কোনো বিদ্যা গ্রহণ করেননি এবং একটি বই বাদ, একটি শব্দও কারও কাছ থেকে শেখেননি; ওনার পক্ষে কী করে এমন একটা আশ্চর্য গ্রন্থ রচনা করা সম্ভব? কোন মূর্খ্যের দল এমন কথা বলে! মানুষের বচন বা রচন সামান্য একটা গ্রন্থ অথবা লাইন লিখতে গেলে যেখানে কত শত শত বই বা লেখাজোখা অধ্যয়ন করতে হয়, সেখানে নিরক্ষর একজন মানুষ এমন অলৌকিক আশ্চর্য বাণীর একটি বই রচনা করে ফেলল! এটাই চিন্তা করলে তো আর কিছু লাগে না। হাদিসের কথা ছেড়েই দিলাম। হাদিস হলো স্বাপ্নিক বা পরোক্ষ অহি আর কোরান হলো চাক্ষুষ বা প্রত্যক্ষ অহি। আল্লাহ কোরানে বারবার জ্ঞানীদেরকে উদ্দেশ্য করে আহ্বান করছে—করেছে—‘তারা কি দেখে না’ ‘তারা কোরান নিয়ে গবেষণা করে না কেন’ জ্ঞানীদের জন্যে বারবার নিদর্শনের কথা বলা হচ্ছে—হয়েছে—এমন কথা কে বলতে পারে? কোনো মানুষের পক্ষে কি বলা সম্ভব? কোরানের মোজেজা যে বুঝেছে সে শুধু আস্তিকই নয়, মহামানব হয়েছে। কোরানে এমন হাজার ব্যাখ্যা আছে, এগুলো আমি এখানে টানছি না এবং টানবও না—কারণ, সেগুলো প্রত্যেক বিজ্ঞ মুসলিমে জানে। যারা জানে না তাদের জন্যে আমার এ ক্ষুদ্র কথন বা প্রয়াস। আমি কোরানকে গভীরভাবে বুঝেছি এমনটাও নয়। কোরানকে গভীরভাবে বুঝতে হলে কোরানের মালিকের দয়া ও অলৌকিকজ্ঞান থাকা দরকার, যা আমার হয়তো মোটেও নেই। আমার ক্ষুদ্র ও সাধারণ জ্ঞানে যেটুকু বুঝেছি সেটুকু আমার জন্যে যথেষ্ট এবং অনেক। সেটুকুই আমি প্রকাশ করছি মাত্র এবং কাউকে ধর্মান্তরিত বা উপদেশ দেওয়াও আমার উদ্দেশ্য নয় এখানে। উল্লিখিত পর আবারও বলছি, প্রত্যেক মুসলিমকে তার নিজভাষায় কোরান-অনুবাদ পড়া এবং বোঝা নেহাত দরকারই নয়—কর্তব্য। এক কথায়—কোরান বুঝতে হলে খোদার দয়া ও অলৌকিকজ্ঞান দরকার।
“আল্লাহ আমি যদি ভুল করে থাকি—ভুল পথে চলি—আমাকে ক্ষমা করে দিয়ো
তুমি আহাদ সত্য—তোমার কোরান সত্য—আমাকে সত্যপথের পথে রাখিয়ো”







