

জাকারিয়া জাহিদ,কুয়াকাটা, কলাপাড়া প্রতিনিধি :
সাপ্তাহিক দুই দিনের ছুটিকে কেন্দ্র করে কুয়াকাটা সমুদ্র সৈকতে ভীড় জমিয়েছে হাজারো পর্যটক। আগত পর্যটকরা সমুদ্রের উত্তাল ঢেউয়ের সঙ্গে মিতালীতে মেতেছেন।

কেউ কেউ সমুদ্র সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। এছাড়া তিন নদীর মোহনা, ঝাউবন, শুটকী পল্লী, গঙ্গামতী ও লাল কাকড়ার চড়েও রয়েছে পর্যটকদের বাড়তি উপস্থিতি। দীর্ঘ ১ মাস পর বর্ষা মৌসুমের শেষের দিকে পর্যটকদের এমন বাড়তি উপস্থিতিতে হাঁসি ফুটেছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মুখে। বিক্রি বেড়েছে খাবার হোটেল ও আবাসিক হোটেলে। আগত পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে ট্যুরিষ্ট পুলিশ।
বেঞ্চি ব্যবসায়ী শামিম জানান, বর্ষা মৌসুমে এই সপ্তাহে প্রচুর পর্যটক এসেছে । এটা পদ্মা সেতুর সুফল। ঢাকা থেকে আসা পর্যটক মোঃ রিমন জানান, কুয়াকাটা এর আগেও এসেছি, তবে বর্ষা মৌসুমে এত পর্যটক দেখিনি। তবে পর্যটন স্পটের সড়কগুলো মেরামত করা উচিত।
সিলেট থেকে আসা পর্যটক মোঃ মিজানুর রহমান বলেন, কুয়াকাটায় সব হচ্ছে এলোমেলো, এটাকে এখনই মাষ্টার প্লান অনুযায়ী করা উচিত।
বরিশাল থেকে আসা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সহকারী রেজিস্ট্রার মো: জাহাঙ্গীর কবির বলেন, পর্যটন সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীর সেবার মান বাড়াতে হবে। পদ্মা সেতুর সুফল ভোগ করছে কয়াকাটা পর্যটন। এখন জরুরী দরকার ফরিদপুর-কুয়াকাটা মহাসড়ক সিক্সলেনে উন্নীত করা। এখানে পর্যটকদের বিনোদনের কিছুই নেই, এক্সক্লুসিভ টুরিজম করা দরকার।
হোটেল-মোটেল ওনার এসোসিয়েশন সাধারন সম্পাদক মোঃ মোতালেব শরীফ জানান, এ বর্ষায় আজকে ভাল পর্যটক হয়েছে। ভাঙ্গা-কুয়াকাটা ফোরলেনের কাজ হলে আরও পর্যটক বৃদ্ধি পাবে।
টুরিস্ট পুলিশ জোনের ওসি হাসনাইন পারভেজ বলেন, আমরা পর্যটকের সেবায় সার্বক্ষণিক নিয়োজিত আছি। এ সপ্তাহে ভাল পর্যটক হয়েছে।
কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন, কুয়াকাটা পর্যটন উদ্বোনে অত্র এলাকার মানুষের কপাল খুলে গেছে। আমি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে দাবি জানাই, জরুরী ভিত্তিতে মাস্টারপ্ল্যানটি বাস্তবায়নের।










