

জাকারিয়া জাহিদ, কুয়াকাটা প্রতিনিধি :
পটুয়াখালীর মহিপুর মৎস্য ব্যবসায়ীদের কাছ থেকে ৭৮ লক্ষ টাকার মাছ নিয়ে পালিয়ে যাওয়া পাইকার নিলয় পারভেজ বাবলুকে মামলা দায়ের এর ২৪ ঘন্টার মাথায় গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ।

বুধবার(৬ সেপ্টেম্বর)সকাল ৬ টায় ১০ লক্ষ ৫০ হাজার নগদ টাকা সহ ঢাকার ফার্মগেটের সুকতারা আবাসিক হোটেল থেকে তাকে গ্রেফতার করে মহিপুর থানার এসআই রাসেল সরদারের নেতৃত্বাধীন থানা পুলিশের একটি দল।গ্রেফতারকৃত মাছ ব্যবসায়ী বাবলু সাতক্ষীরার কলরোয়ার আবজাল হোসেনের ছেলে।
মহিপুর মৎস্য বন্দর থেকে ১৬ জন আড়ত মালিকদের কাছ থেকে প্রায় ৭৮ লক্ষ টাকার মাছ নিয়ে পালিয়ে যায় বাবলু। পরে স্থানীয় আড়ত মালিক মিজান প্যাদা বাদি হয়ে (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় মহিপুর থানায় একটি মামলা দায়ের করেন।
আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং এ মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:ফেরদৌস আলম খাঁন বলেন,তথ্য প্রযুক্তি ব্যবহার এবং চৌকস অফিসারের সমন্বয়ে তার গতিবিধি এবং অবস্থা সনাক্ত করে আসামি কে গ্রেফতার করা হয়েছে।আসামি নিলয় পারভেজ বাবলু মহিপুর থানার সাধারণ ব্যবসায়ী ও জেলেদের কাছ থেকে প্রায় ৭৮ লক্ষ টাকার ইলিশ মাছ ক্রয় করে । মাছের ট্রাক পাঠিয়ে দিয়ে নিজে কৌশলে কেটে পড়েন।
৭৮ লক্ষ টাকার মাছ হারিয়ে অসহায় সাধারণ জেলে এবং ব্যবসায়ীরা ছুটে আসেন থানায়। মাননীয় পুলিশ সুপার মহোদয় বিষয়টি সম্পর্ক অবগত হলে আইনগত ব্যবস্থা নিতে এবং উক্ত প্রতারককে অতি দ্রুত গ্রেফতার করতে নির্দেশ দেন অফিসার ইনচার্জ মহিপুর থানা কে। তার অবস্থান সনাক্ত করতে গিয়ে জানা যায় উক্ত প্রতারক মাছগুলো ঢাকায় কাওরান বাজার বিক্রি করে বিক্রিত টাকা নিয়ে দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যাবেন।
দেশ ত্যাগ করলে সাধারণ ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে যাবেন এই ভেবে সীমান্ত সহ সকল ইমিগ্রেশন পয়েন্ট এ মেসেজে দিতে এসপি স্যার নির্দেশ দিলেন। এবং যেখান থেকে হোক অতি দ্রুত লিমন পারভেজকে গ্রেফতার করতে নির্দেশ দেন অফিসার ইনচার্জ মহিপুর কে। মহিপুর থানার এসআই রাসেল এর নেতৃত্বে চৌকস একটি দল গ্রেফতার তৎপরতা চালিয়ে কয়েক ঘন্টার মধ্যে ঢাকা ইন্দিরা রোড এর একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার কালে তার কাছে থেকে মাছ বিক্রির ১০ লক্ষ ৫০ হাজার টাকা জব্দ করা হয়। বাকি টাকা সে কোথায় রেখেছে তা প্রাথমিকভাবে স্বীকার করেছে। উদ্ধারের চেষ্টা চলছে। এসময় অতিরিক্ত পুলিশ সুপার কলাপাড়া সার্কেল বিমল কৃষ্ণ উপস্থিত ছিলেন।










