হাজার পৃষ্ঠার চিঠি : আযাহা সুলতান

প্রতিদিন তোমাকে এক পৃষ্ঠা চিঠি দিলাম—

প্রতিদিন তার আশ্রয় হয়েছে জানি ডাস্টবিনে?

হাজার পৃষ্ঠার চিঠি লিখে ক্লান্ত আমি অশেষ

তোমার কৌতূহল জন্মেনি একটু ডাস্টবিনের কোণে!

 

আমার ভালোবাসা ছুটছে তবু শূন্যতার প্রান্তরে—

আমি চাই প্রসন্ন আকাশ—তুমি দেখলে ছায়াপথ!

শত ব্যবধান যেখানে লেখা থাকে পরিষ্কার অক্ষরে

মিলনের গান গাওয়া সেখানে মাতালের দিগন্তপার?

 

জীবনে অনেক কিছু জানার থাকে বাকি—

জানতে পারলে হয়তো অনেকে অপরাধী?

অনেকের গর্বে ভরে ওঠে বুক—ভরে যায় হৃদয়

সবার কপালে লেখা থাকে না সোনালি অধ্যায়!

 

কেউ আকাশে গেলে টেকে না আর মাটিতে—

কেউ আকাশ থেকে মাটির গন্ধ শুঁকে!

মানুষ ও মানুষে যেখানে ভেদ নয়—বিরাট প্রভেদ

সেখানে চাহা ও চাহাতের দূরত্ব অতি স্বাভাবিক?

 

আঁধারের পর আসে যখন প্রহর বাস্তব—

আঁধারের কথা কারও আর থাকে না স্মরণ!

তোমার লাগি জেগে আছি আজও আঁধারকুটিরে—

আঁধারসিন্দুকে বন্দি আমার জীবনী হাজার পৃষ্ঠাতে!

You might like