বুদ্ধিবৃত্তিক হত্যাযজ্ঞ : যুবক অনার্য

আকাশে তারা জমে আছে
আমি তারা দেখি
তারপর
কবিতায় লিখি –
তোমাকে ছোঁবো না, ছুঁয়ে যাবো
কোমল পালকে বেড়ে ওঠা
বেদনা তোমার।

কবিতা নিয়ে সম্পাদকের দপ্তরে যাই
সম্পাদক অকবিতার বই
ধরিয়ে বলেন – রিভিউ করে দাও।

একজন কবি আমাকে নিয়ে যান
অন্য এক সিনিয়র কবির দপ্তরে
সিনিয়র কবি তার কবিতা নিয়ে
বই লিখতে বলেন
বই লিখি
নিজের খরেচ বই ছেপে দি
একদিন
আমি তার ধর্মাবলম্বী নই –
শুধু এই অপরাধে
সিনিয়র কবি আমার
৫০ হাজার টাকা মেরে দেন।

আকাশে তারা জমে আছে।

একজন কবি আমাকে নিয়ে যান
এক আধা কবির দপ্তরে
আধা কবি তার কবিতার বই দিয়ে
বলেন -অনুবাদ করে দাও।
অনুবাদ করে নিজের খরচে
বই ছেপে দি।
একদিন
বলা নেই কওয়া নেই
আধাকবি আমাকে ব্লক মেরে দেন।

আকাশে তারা জমে আছে।

প্রসিদ্ধ কবির কছে যাই
কবিকে প্রণাম জানাই
কবি মিষ্টি মিষ্টি কথা বলেন
কবিকে স্বরচিত কবিতা দেখাই
বলেন না কিছুই
দ্বিতীয় দর্শনে মুখ ফিরিয়ে নেন
ইনডিরেক্ট অপমান করে
হাসতে হাসতে তাড়িয়ে দেন।

আমি কবিতায় থাকি- চাইলো না কেউ
চেয়েছিলো আমি কেবলি
অকবিতা রিভিউ করে দি
চেয়েছিলো আমি তাহাদের
বই অনুবাদ করে দি
চেয়েছিলো নিজের খরচে
তাহাদের বই ছেপে দি।

আকাশ থেকে তারা সরে গেছে
মেঘ জমে আছে।

You might like