

মোঃ আসতারুল আলম, দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জ ও ধস্তাধস্তির অভিযোগ উঠেছে। এতে জেলা সভাপতি শফিকুল ইসলাম আহত হয়ে বর্তমানে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (৩০ আগস্ট) দুপুর ১টার দিকে শহরের চাড়বাবুর মোড়ে এ ঘটনা ঘটে। এর আগে দুপুর সোয়া ১২টার দিকে সদর হাসপাতাল মোড় থেকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। তারা ঢাকায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে এই কর্মসূচি পালন করছিলেন। মিছিলটি লিলির মোড় ও মর্ডান মোড় হয়ে চাড়বাবুর মোড়ে পৌঁছালে পুলিশ বাধা দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলকারীরা ব্যারিকেড অতিক্রমের চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে জেলা সভাপতি শফিকুল ইসলামসহ কয়েকজন আহত হন। পরে আহত শফিকুল ইসলামকে প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক গোলাম আজম বলেন, আমরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে যাচ্ছিলাম। শহরের চাড়বাবুর মোড়ে পুলিশ বাধা দেয়। এ সময় আমরা পুলিশের বাঁধা অতিক্রম করে থানা মোড়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে। এতে আমি ডান পা ও হাতে এবং বুকের বাঁ পাশে আঘাত পাই।
অপরদিকে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, মিছিলকারীরা পূর্বে জানানো রুট পরিবর্তন করে থানার দিকে যাওয়ার চেষ্টা করে। এ সময় কিছু কথা কাটাকাটি হলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জেলা সভাপতি শফিকুল ইসলাম কীভাবে আহত হয়েছেন তা আমাদের জানা নেই।
শেয়ার করুন












