

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা: ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের আপস্টেট অঞ্চলে আলবানির কাছাকাছি এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন বাংলাদেশের কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ী গ্রামের একই পরিবারের বাবা-ছেলে। ওই বাংলাদেশি পরিবারটি নিউইয়র্ক সিটি থেকে আপস্টেট যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন।

খোঁজ নিয়ে জানা যায়, হতাহতদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাংগরা বাজার থানাধীন কড়ইবাড়ী গ্রামে। ওই গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম, জিয়া এবং পাশের পীরকাশিমপুর গ্রামের মঈদ আহমেদ জানান, নিহত মোহাম্মদ হিরামন কড়ইবাড়ী গ্রামের প্রয়াত হারুনুর রশিদের ছেলে।
নিহত হিরামনের ছোট ছেলে মোহাম্মদ নাজমুল হাসান অপুর বরাত দিয়ে তারা জানান, গত রাতে নিউইয়র্ক সিটি থেকে আলবানি যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ হিরামন (৬০) ও তার বড় ছেলে নাজমুল এম. রুবেল (৩০) নিহত হন। এ ছাড়া হিরামনের ছেলের বন্ধু ফাহিম হালিমও এ দুর্ঘটনায় প্রাণ হারান।
এ সময় নিহত হিরামনের বড় মেয়ে ফাতেমা আক্তার রত্না (৩৬) এবং রত্নার চার বছর বয়সী মেয়ে ইকরা আয়াত গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালের আইসিইউতে (ICU) চিকিৎসাধীন রয়েছেন। অপর গাড়ির আরও একজন আরোহী নিহত হয়েছেন বলে জানা গেছে। গত ৭ এপ্রিল বাংলাদেশ সময় ভোর ৫টার দিকে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
এদিকে, প্রবাসে একই পরিবারের বাবা-ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে কড়ইবাড়ী গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। আগামী বুধবার (নিউইয়র্ক সময়) জোহরের নামাজের পর ব্রঙ্কসের বাইতুল আমান ইসলামিক সেন্টারে (২৩৫১ নিউবোল্ড অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউইয়র্ক ১০৪৬২) তাদের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, মোহাম্মদ হিরামন ২০১৮ সাল থেকে স্ত্রী নাজমা আক্তার, বড় ছেলে নাজমুল এম. রুবেল, ছোট ছেলে মোহাম্মদ নাজমুল হাসান অপু, বড় মেয়ে ফাতেমা আক্তার রত্না ও ছোট মেয়ে রিমাকে নিয়ে সপরিবারে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে বসবাস করে আসছিলেন।
প্রকাশিত : বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ খ্রি.














