চাঁদপুর পুরানবাজারে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর :
জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি ও মশাবাহিত রোগ ডেঙ্গু প্রতিরোধে চাঁদপুর শহরের পুরানবাজার এলাকায় এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান (ক্লিনিং ক্যাম্পেইন) অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকালে পুরানবাজার কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুর আলম দীন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কোনো বিকল্প নেই। মশাবাহিত রোগ যেমন ডেঙ্গু ও চিকুনগুনিয়া সম্পর্কে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং মশার সম্ভাব্য প্রজননস্থলগুলো পরিষ্কার রাখাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অত্যন্ত জরুরি। বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস, হাসপাতালসহ সব জায়গায় পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হবে। এ ধরনের কার্যক্রমে ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং জনসচেতনতা তৈরিতে সহযোগিতা করছে।

ক্লিনিং ক্যাম্পেইনে স্বেচ্ছাসেবক হিসেবে যুব রেড ক্রিসেন্ট চাঁদপুর জেলা ইউনিটের সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন। অভিযান চলাকালে তারা পুরানবাজার ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা, প্লাস্টিকের বোতল, ডাবের খোসা ও পরিত্যক্ত টায়ার অপসারণ করে স্থানীয়দের সচেতন করেন।

ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রফিকুল হাসান ফয়সল, ব্র্যাক চাঁদপুর জেলা ব্যবস্থাপক গোলাম মোস্তফা, ব্র্যাক চাঁদপুর সদর প্রোগ্রাম অফিসার আলমগীর হোসেন, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প কর্মকর্তা মো. বেলাল হোসেন এবং যুব রেড ক্রিসেন্টের যুব প্রতিনিধি ওমর বিন ইউসুফ চৌধুরী।

প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy