

মোঃ জাহাঙ্গীর আলম গাইবান্ধা প্রতিনিধি,
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার তালুক ঘোড়া বান্দা পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষের ভিতরে ধানের বস্তা রাখা এবং বিদ্যালয় বন্ধ রেখে জাতীয় পতাকা খুঁটির সঙ্গে পেঁচিয়ে রাখার অভিযোগ উঠেছে।

স্থানীয় এলাকাবাসী জানান, গত ১০ মে সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের একটি ক্লাসরুমের ভিতরে ধানের বস্তা রাখা রয়েছে। এছাড়া বিদ্যালয় বন্ধ থাকা অবস্থায় জাতীয় পতাকাটি যথাযথ নিয়মে সংরক্ষণ না করে খুঁটির সঙ্গে পেঁচিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তারা।
এলাকাবাসীর দাবি, শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ শিক্ষার্থীদের পাঠদানের জন্য ব্যবহার হওয়ার কথা। সেখানে ধান সংরক্ষণ করা অনভিপ্রেত। পাশাপাশি জাতীয় পতাকার মর্যাদা রক্ষা না করাও দুঃখজনক ঘটনা বলে মন্তব্য করেন স্থানীয় সচেতন মহল।
স্থানীয় অভিভাবকরা জানান, বিদ্যালয়ের এমন অব্যবস্থাপনা শিক্ষার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে এলাকাবাসী সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ খ্রি.
















