

সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২১ জুন) মাননীয় পুলিশ সুপার, বগুড়া মহোদয়ের দিকনির্দেশনায় আদমদীঘি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে এসআই (নিঃ) মো. মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ নওগাঁ সদর উপজেলার নিউ সাহাপুর (বাহারপট্টি) এলাকার মো. আব্দুল খালেক (৪৩)-কে ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
এছাড়া পৃথক আরেকটি অভিযানে এসআই (নিঃ) মো. রফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ আদমদীঘি উপজেলার বড় আখিড়া (প্রামানিকপাড়া) এলাকার মো. রবিউল ইসলাম ওরফে আকাশ (১৯)-কে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাদের পুলিশ স্কর্ট পার্টির মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে আদমদীঘি থানা পুলিশ।
















