

রাকিবুল হাসান, মনপুরা (ভোলা) প্রতিনিধি:
ভোলার মনপুরায় মৎস্য সম্পদ রক্ষায় যৌথ অভিযান চালিয়ে বাংলাবাজারের একটি দোকান থেকে বিপুল পরিমাণ অবৈধ ও নিষিদ্ধ চায়না দুয়ারি এবং কারেন্ট জাল জব্দ করা হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড ও উপজেলা মৎস্য বিভাগ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। জব্দকৃত এই জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮৫ লক্ষ টাকা।
গতকাল রাত ৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের অধীনস্থ মনপুরা কন্টিনজেন্ট এবং উপজেলা মৎস্য অফিসের একটি যৌথ চৌকস দল উপজেলার বাংলাবাজার এলাকায় এই অভিযান পরিচালনা করে।

অভিযান সূত্রে জানা গেছে, মনপুরার বাংলাবাজার মাকসুদ এন্টারপ্রাইজে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল মজুত করে স্থানীয় জেলেদের কাছে বিক্রি করা হচ্ছে—এমন সুনির্দিষ্ট সংবাদের ভিত্তিতে গতকাল রাতে সেখানে আকস্মিক যৌথ অভিযান চালানো হয়। তল্লাশিকালে মাকসুদ এন্টারপ্রাইজ থেকে ১০০ পিস ক্ষতিকারক চায়না দুয়ারি জাল এবং প্রায় ২ লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ৮৫ লক্ষ টাকা বলে নিশ্চিত করেছে অভিযান পরিচালনাকারী দল।
অভিযান প্রসঙ্গে মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বর্ণিক বলেন, “চায়না দুয়ারি ও কারেন্ট জাল নদী এবং সমুদ্রের মৎস্য সম্পদের জন্য এক ভয়াবহ অভিশাপ। এই ক্ষতিকর জালে ছোট-বড় সব ধরনের মাছ ও জলজ প্রাণী নির্বিচারে আটকে মারা পড়ে, যা আমাদের জলজ জীববৈচিত্র্যের চরম ক্ষতি করছে। দেশের মৎস্য সম্পদ ও মা মাছ রক্ষায় মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের এই ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও নিয়মিত জারি থাকবে। নিষিদ্ধ জালের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে।”
তাছাড়া এ সময় মনপুরার খাল বিল নালাতে পানি বৃদ্ধি পেলে এই জালের উপদ্রব্য বৃদ্ধি পায়।
কোস্টগার্ডের পক্ষ থেকেও জানানো হয়, মৎস্য সম্পদ রক্ষায় প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কোস্টগার্ড সর্বদা তৎপর রয়েছে।
অভিযান শেষে জব্দকৃত এই বিশাল পরিমাণের অবৈধ জালগুলো বৃহস্পতিবার (২৫ শে) জুন সকাল ১১টা স্থানীয় সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে সম্পূর্ণ ধ্বংস করা হয়। মৎস্য সম্পদ রক্ষায় কোস্টগার্ড ও মৎস্য বিভাগের এমন সময়োপযোগী যৌথ অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

















