

ধর্মপাশা ( সুনামগঞ্জ ) প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ধুবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্মথ চন্দ্র তালুকদারের অবসর উপলক্ষে তাঁকে বিদায় সংবর্ধনা দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় গ্রামবাসী।
সোমবার ছিল তাঁর চাকরি জীবনের শেষ কর্মদিবস। আজ মঙ্গলবার বিদ্যালয়ের একটি কক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে মন্মথ চন্দ্র তালুকদার স্থানীয় শিক্ষা অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর কর্মজীবন নতুন প্রজন্মের শিক্ষকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক মো. শাহজাহান কবির, শিক্ষক মো. নুরুজ্জামান, ঝিনুক শঙ্খ দীপু, জাকির হোসেন, নুরুল মোমেন, আনোয়ারুল হক, মোহাম্মদ আব্দুল মোনায়েম, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনার জবাবে মন্মথ চন্দ্র তালুকদার সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

















