

সজীব হাসান, বগুড়া প্রতিনিধি :
বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের কালাইকুড়ি বাজারে মেসার্স আয়াত ট্রেডার্স নামে একটি কীটনাশক ঔষধের দোকানে মঙ্গলবার রাতে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। ভেন্টিলেটর ভেঙে দোকানের ভিতরে প্রবেশ করে ঔষধ এবং নগদ টাকাসহ প্রায় পাঁচ লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে। মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাতে কালাইকুড়ি গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে আবু সাঈদ রাহীর দোকানে চুরির এই ঘটনা ঘটে ।

দোকানের স্বত্বাধিকারী আবু সাঈদ রাহী বলেন, কালাইকুড়ি বাজারে মেসার্স আয়াত ট্রেডার্স নামে তার একটি কীটনাশক ঔষধের দোকান আছে। প্রতিদিনের মতো কেনা-বেচা শেষে দোকান বন্ধ করে রাতে বাড়ি চলে যান। পরের দিন বুধবার সকালে দোকানে এসে দেখতে পান দোকানের ভেন্টিলেটর ভাঙা এবং মালপত্র এলোমেলো অবস্থায় রয়েছে। চোরেরা দোকানে থাকা কীটনাশক ঔষধ এবং ড্রয়ারে থাকা নগদ টাকাসহ প্রায় পাঁচ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে।
এ সময় চোরেরা তার সিসি ক্যামেরার এসডি কার্ড খুলে নিয়ে যায়। রাহী আরো বলেন, চুরির ঘটনায় বুধবার সকালে আদমদীঘি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া অভিযোগ দায়ের করার বিষয়টি নিশ্চিত করে বলেন, চুরির ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

















