

জহিরুল ইসলাম জয়, হাজীগঞ্জ (চাঁদপুর) :
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার প্রাচীন ও ব্যস্ততম হাজীগঞ্জ-রঘুনাথপুর আরএইচডি সড়কটি বর্তমানে মরণফাঁদে পরিণত হয়েছে। বছরের পর বছর সংস্কার না হওয়ায় হাজীগঞ্জ বিশ্বরোড থেকে সুহিলপুর বাজারের উত্তর অংশ পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে পিচ ও ইটের খোয়া উঠে গিয়ে বড় গর্ত ও খানাখন্দ সৃষ্টি হয়েছে। ফলে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা।

সরেজমিন চিত্র
হাজীগঞ্জ-রঘুনাথপুর সড়ক (রোড কোড-৪১৩৪৯২০০৩) ঘুরে দেখা গেছে, রেললাইনের উত্তর অংশে কাজিরগাঁও থেকে সুহিলপুর বাজার পর্যন্ত সড়কজুড়ে শত শত ছোট-বড় গর্ত। এসব স্থানে প্রায়ই নিয়ন্ত্রণ হারিয়ে যানবাহন উল্টে পড়ছে।
গত ৩০ জুন রাতে বাড্ডা এলাকায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালিত অটোরিকশার পাঁচ যাত্রীর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আহত বাকি চারজন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
দুর্ভোগে লাখো মানুষ
এই সড়ক দিয়ে একটি কলেজ, একটি মাদ্রাসা ও দুটি হাইস্কুলের শিক্ষার্থীসহ হাজীগঞ্জ-রঘুনাথপুর এবং কচুয়ার উত্তরাঞ্চলের প্রায় লক্ষাধিক মানুষ প্রতিদিন চলাচল করেন।
ইজিবাইক চালক আবদুর রহিম বলেন, “এটি কোনো সড়ক নয়, মরণফাঁদ। প্রায়ই দুর্ঘটনা ঘটছে। কেউ আমাদের দুর্গতি দেখে না। দ্রুত মেরামত চাই।”
সিএনজি চালক আবুল কাশেম মিয়া বলেন, “বড় কষ্টে আছি ভাই। সারাদেশে উন্নয়ন হচ্ছে, অথচ এই সড়কের খোঁজ কেউ নেয় না।”
সুহিলপুর গ্রামের বাসিন্দা মোবারক হোসেন জানান, “খানাখন্দের কারণে যানবাহন প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ছে। অনেকে আহত হচ্ছেন। কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।”
সংস্কার নিয়ে ক্ষোভ
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় গণমাধ্যমকর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, “ছোটখাটো খানাখন্দ তৈরির পরও স্থানীয় প্রকৌশল বিভাগ রহস্যজনক কারণে সংস্কারের উদ্যোগ নেয়নি। কার্পেটিংয়ের তিন-চার বছর পর রিপেয়ার না করে নতুন করে সড়ক তৈরির প্রাক্কলন পাঠানো সরকারি টাকা আত্মসাতের অপকৌশল। নিয়মিত রক্ষণাবেক্ষণ করলেই দুই-তিন বছর মানুষ স্বস্তিতে চলাচল করতে পারে। এই গাফিলতির দায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এড়াতে পারে না।”
কর্তৃপক্ষের বক্তব্য
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) হাজীগঞ্জের উপ-সহকারী প্রকৌশলী মো. নজরুল ইসলাম বলেন, “সড়কটির শুরুর এক কিলোমিটার এবং শেষের চার কিলোমিটার অংশে খানাখন্দ রয়েছে। মেইনটেন্যান্সের চাহিদা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে কাজ শুরু হতে পারে।”

















