

সাইদ হোসেন অপু চৌধুরী :
“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষে চাঁদপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকালে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চাঁদপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), চাঁদপুরের উদ্যোগে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক মো. এরশাদ উদ্দিন বলেন, দেশের টেকসই উন্নয়নের ভিত্তি হলো পল্লী উন্নয়ন। গ্রামীণ এলাকার কৃষি, পশুপালন, সেচ, শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য নাগরিক সুবিধার উন্নয়ন নিশ্চিত করতে পারলে দেশের সার্বিক অগ্রগতি আরও ত্বরান্বিত হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক এ কে এম সলিম উল্যা সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. লুৎফর রহমান, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা এবং চাঁদপুর সদর ইউসিসিএ লিমিটেডের সভাপতি মো. জসীম উদ্দীন খান বাবুল।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), চাঁদপুরের উপপরিচালক মো. আল-আমিন।
বিআরডিবির সুফলভোগীদের পক্ষে বক্তব্য দেন বাগাদী নানুপুর কৃষক সমবায় সমিতির সভাপতি জাকির হোসেন খান এবং তরপুরচন্ডী বৃত্তহীন মহিলা দলের ম্যানেজার সাবানী বেগম।
আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিআরডিবির কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে চাঁদপুর সদর উপজেলার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর সদস্যদের মধ্যে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।

















