হাজীগঞ্জে ফুটবলারের বাসায় দুঃসাহসিক চুরি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

জহিরুল ইসলাম জয়, হাজীগঞ্জ:

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার টোরাগড় ৭নং ওয়ার্ডের খন্দকার বাড়িতে ক্রীড়া ব্যক্তিত্ব পলাশের বাসায় শনিবার রাত সাড়ে ৯টার দিকে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র নগদ ১ লাখ ৩ হাজার টাকা ও প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ১ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় পলাশ বাদী হয়ে হাজীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত রুবেল প্রকাশ বাংলা রুবেল টোরাগড় সিরাজ খান বাড়ির আবদুল কাদেরের ছেলে। এছাড়া অজ্ঞাতনামা আরও ২-৩ জন এই চক্রের সঙ্গে জড়িত বলে অভিযোগে উল্লেখ করা হয়।

থানার অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা মাদকাসক্ত এবং দীর্ঘদিন ধরে চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। স্থানীয়ভাবে একাধিকবার সতর্ক করলেও তারা থামেনি।

ভুক্তভোগী পলাশ জানান, ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না। তার স্ত্রী কিছুক্ষণের জন্য নিচে বোনের বাসায় গেলে ফিরে এসে ঘর এলোমেলো দেখতে পান। তল্লাশি করে দেখেন আলমারি থেকে স্ত্রীর ব্যবহৃত ৩টি আংটি ও ৩ জোড়া কানের দুলসহ ১ ভরি স্বর্ণালংকার এবং ব্যবসার নগদ ১ লাখ ৩ হাজার টাকা চুরি হয়েছে। এ সময় স্ত্রী ও সাক্ষী ছাদে তল্লাশি করতে গেলে অভিযুক্ত রুবেলকে পালাতে দেখেন। স্থানীয়রাও তাকে পাশের বিল্ডিংয়ের ছাদ দিয়ে পালাতে দেখেছে।

পলাশ আরও জানান, খবর পেয়ে তিনি দ্রুত বাসায় ফিরে চুরির বিষয়ে নিশ্চিত হন। পরে স্থানীয় গণ্যমান্যদের নিয়ে চোরচক্রের কাছ থেকে মালামাল উদ্ধারের চেষ্টা করলেও অভিযুক্তরা এলাকা থেকে গা-ঢাকা দেওয়ায় তা সম্ভব হয়নি।

তিনি বলেন, “আমি একজন ব্যবসায়ী। ব্যবসার টাকা চুরি হওয়ায় আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে চোরচক্রকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে হাজীগঞ্জ থানার ওসি মো. আবদুল মান্নান বলেন, “অভিযোগ পেয়েছি। চোরচক্রকে ধরতে আমাদের অভিযান চলমান রয়েছে। দ্রুতই তাদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

প্রকাশিত : সোমবার, ০৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :
.

You might like

About the Author: priyoshomoy