গাংনীতে পৃথক স্থানে ট্রান্সফরমার ও সেচ পাম্প চুরি, বিপাকে কৃষকেরা

হিরক খান, গাংনী (মেহেরপুর) প্রতিনিধি:
মেহেরপুরের গাংনী উপজেলার পৃথক দুটি স্থানে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মাঠের সেচ পাম্প চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার (৮ জুলাই) রাত ১০টা থেকে বৃহস্পতিবার (৯ জুলাই) ভোর ৫টার মধ্যবর্তী সময়ে উপজেলার মঠমুড়া ও হাড়িয়াদহ গ্রামে এই চুরির ঘটনাগুলো ঘটে।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে,গত রাতে গাংনী উপজেলার মঠমুড়া ইউনিয়নের পুরাতন মঠমুড়া গ্রামের মৃত রহিম ফরাজির ছেলে গঞ্জের আলী (৬৫) এর তার চাষাবাদি মাঠের বৈদ্যুতিক খুঁটি থেকে একটি ট্রান্সফরমার নামিয়ে ভেতরে থাকা মূল্যবান তামার তার চুরি করে নিয়ে যায় চোরচক্র।

অন্যদিকে, একই রাতে উপজেলার হাড়িয়াদহ গ্রামের কইকুড়ি খালের মাঠ থেকে মৃত মোহাম্মদ আলির ছেলে মহিবুল ইসলামের একটি সেচ পাম্প (মোটর) চুরি হয়ে যায়।

চলতি মৌসুমে আকস্মিক পাম্প ও ট্রান্সফরমার চুরির এই ঘটনায় চরম বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকেরা। সেচ কার্যক্রম ব্যাহত হওয়ায় ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন তারা।

এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, চুরির খবর পাওয়ার পর থেকেই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে। কৃষকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ তৎপর রয়েছে।

প্রকাশিত : বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :
.

You might like

About the Author: priyoshomoy