বাবুরহাট-বড়ুর বাজার সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে হাজারো মানুষ

সজীব খান :

চাঁদপুর সদর উপজেলার গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ বাবুরহাট–বড়ুর বাজার সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ, ভাঙা পিচ ও জলাবদ্ধতার কারণে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারী, শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহনকে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়ায় প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। সামান্য বৃষ্টিতেই সড়কের গর্তগুলো পানিতে তলিয়ে যায়, ফলে গর্তের গভীরতা বোঝা যায় না। এতে মোটরসাইকেল, অটোরিকশা, সিএনজি ও অন্যান্য যানবাহন প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে। জরুরি রোগী পরিবহন এবং শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াতেও সৃষ্টি হচ্ছে মারাত্মক ভোগান্তি।

বাবুরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও তরুন সমাজ সেবক মোঃ জসিম মাল বলেন,দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল অবস্থায় পড়ে থাকায় আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রতিদিন যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে, ব্যবসায়িক কার্যক্রমও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দ্রুত সড়কটি সংস্কার করা না হলে দুর্ভোগ আরও বাড়বে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের জোর দাবি, অতি দ্রুত সড়কটির সংস্কারকাজ শুরু করা হোক।”

পৌরসভার অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও সড়কটি বছরের পর বছর সংস্কার থেকে বঞ্চিত রয়েছে। দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় মেরামত ও উন্নয়নকাজ না হওয়ায় সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিন পথচারী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, সড়কের এমন নাজুক অবস্থার কারণে বাজারে ক্রেতাদের আনাগোনা কমে গেছে। মালামাল পরিবহনে অতিরিক্ত সময় ও ব্যয় হওয়ায় ব্যবসায়ও নেতিবাচক প্রভাব পড়ছে।

এলাকাবাসীর দাবি, বাবুরহাট–বড়ুর বাজার সড়কটি এই অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হওয়ায় দ্রুত সংস্কার কাজ শুরু করা জরুরি। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দ্রুত টেকসই সংস্কার করা না হলে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে এবং জনদুর্ভোগ কয়েকগুণ বেড়ে যাবে।

স্থানীয় সচেতন মহল মনে করেন, জনস্বার্থে সড়কটির দ্রুত সংস্কারের উদ্যোগ গ্রহণ করলে একদিকে যেমন সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব হবে, অন্যদিকে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক কার্যক্রমও স্বাভাবিক গতি ফিরে পাবে। একই ধরনের সড়ক অব্যবস্থাপনা নিয়ে চাঁদপুর অঞ্চলেও আগে জনদুর্ভোগের খবর প্রকাশিত হয়েছে।

এবিষয়ে চাঁদপুর পৌর সভার সচিব মুহাম্মদ নূর আজম শরীফ বলেন, বিষয়টি লিখিত ভাবে জানানো পৌর প্রকৌশলীর সাথে কথা বলে জরুরী ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে, পৌর সভার উন্নয়ন সভায় উপস্থাাপন করে পদক্ষেপ নেওয়ার বিষয়ে আশস্ত করেন।

প্রকাশিত :বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

.

You might like