

গাজী মোহাম্মদ মহসিন :
চাঁদপুর সদরের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ফোটানোর রূপকার, বিশিষ্ট ব্যাংকার, সমাজসেবক ও দানবীর মরহুম আলহাজ্ব এম এম নুরুল হকের ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ।

তিনি ২০২২ সালের ২৫ জুলাই (সোমবার) ভোর ৪টা ১০ মিনিটে রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। ওই দিন সন্ধ্যায় তাঁর গ্রামের প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ‘এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়’ প্রাঙ্গণে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচি সম্পর্কে মরহুমের একমাত্র পুত্র ও এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব মনজুরুল হক শোয়েব টেলিফোনে জানান, মরহুমের আত্মা শান্তির উদ্দেশ্যে আজ বাদ জোহর তাঁরই প্রতিষ্ঠিত ‘আল-আরাফা জামে মসজিদে’ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দুপুর ২টায় মরহুমের প্রতিষ্ঠত ‘মনজুরা ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ বোর্ডিং’-এ পবিত্র কোরআন খতম, মিলাদ ও বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে।
এছাড়াও আগামী রবিবার (২৬ জুলাই) সকাল ১১টায় এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মরহুমের স্মরণে শোকসভা, স্মৃতিচারণমূলক আলোচনা, পবিত্র কোরআন খতম, মিলাদ ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।
জীবনের পথচলা ও অবদান, মরহুম আলহাজ্ব এম এম নুরুল হক ১৯৩৫ সালের ২৯ নভেম্বর চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের হাঁপানিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি চাঁদপুর সরকারি কলেজে ৩ বছর সুনামের সঙ্গে শিক্ষকতা করেন। পরবর্তী সময়ে কর্মজীবনে তিনি দেশের খ্যাতনামা সাতটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন।
শিক্ষা বিস্তারে অনন্য অবদান রেখে ১৯৯৭ সালে তিনি নিজ গ্রামে প্রতিষ্ঠা করেন ঐতিহ্যবাহী ‘এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়’ এবং দীর্ঘদিন এর ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। শুধু সাধারণ শিক্ষাই নয়, ধর্মীয় ও মানবিক শিক্ষার প্রসারে তিনি বিদ্যালয়ের পাশাপাশি স্থাপন করেন ‘মনজুরা ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ বোর্ডিং’ এবং ‘আল-আরাফা জামে মসজিদ’।
জীবদ্দশায় তিনি ছিলেন একাধারে দানশীল, পরোপকারী ও সমাজহিতৈষী ব্যক্তিত্ব। সমাজের নানামুখী উন্নয়নে রেখে গেছেন অসামান্য অবদান। বর্তমানে তাঁর একমাত্র পুত্র, দেশের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মনজুরুল হক শোয়েব পিতার স্মৃতি ও সামাজিক কর্মকাণ্ড টিকিয়ে রাখতে ‘এম এম নুরুল হক ফাউন্ডেশন’-এর চেয়ারম্যান এবং ‘এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়’-এর ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি তার বাবার রুহের আত্মার মাগফেরাত কামনা করেন।
প্রকাশিত : শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
.

















