

সজীব খান :
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে তরপুচন্ডী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা আলমগীর বন্দুকশী তাঁর নির্বাচনী পরিকল্পনা ও ভবিষ্যৎ ভাবনা তুলে ধরেছেন। তিনি বর্তমানে চাঁদপুর শহর জামায়াতে ইসলামীর সমাজকল্যাণ সম্পাদক এবং সাবেক চাঁদপুর শহর ছাত্রশিবিরের নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আলমগীর বন্দুকশী বলেন, “জনগণের দাবির প্রেক্ষিতে আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসা ও সমর্থন নিয়ে মাঠে কাজ করছি। দীর্ঘদিন ধরে তরপুচন্ডী ইউনিয়নের মানুষের কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করার চেষ্টা করে আসছি এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।”
তিনি আরও বলেন, “তরপুচন্ডী ইউনিয়নকে নিয়ে আমার অনেক স্বপ্ন রয়েছে। ন্যায় ও ইনসাফভিত্তিক, আধুনিক এবং ডিজিটাল ইউনিয়ন গড়ে তোলার লক্ষ্য নিয়ে আমি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে মানুষের কাছে যাচ্ছি। মানুষের সেবা করা, তাদের সুখ-দুঃখে পাশে থাকা এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমার রাজনৈতিক ও নির্বাচনী কার্যক্রমের মূল উদ্দেশ্য।”
তিনি বলেন, “আল্লাহ তাআলা যদি জনগণের সেবা করার সুযোগ ও নেতৃত্ব দান করেন, তাহলে সর্বদা ন্যায়বিচার প্রতিষ্ঠা, জনকল্যাণ নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখব, ইনশাআল্লাহ।”
নিজের অগ্রাধিকারমূলক পরিকল্পনা তুলে ধরে আলমগীর বন্দুকশী বলেন, “তরপুচন্ডী ইউনিয়নকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ইভটিজিংমুক্ত একটি নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। পাশাপাশি শতভাগ শিক্ষার হার নিশ্চিত করা, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষার পরিবেশ সৃষ্টি করা এবং দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতায় একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও আদর্শ ডিজিটাল মডেল ইউনিয়ন গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য।”
প্রকাশিত : শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
.

















