

হিরক খান :
মেহেরপুর পৌর শহরকে পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও দুর্ঘটনামুক্ত রাখতে একাধিক নির্দেশনা জারি করেছে মেহেরপুর পৌরসভা। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের বাইরে বা যত্রতত্র ময়লা-আবর্জনা ফেললে জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পৌরসভার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শহর পরিচ্ছন্ন রাখতে ভোর ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত সড়কে কোনো ধরনের ময়লা-আবর্জনা ফেলা যাবে না। নির্ধারিত স্থানে এবং নির্ধারিত সময় মেনে বর্জ্য ফেলার জন্য পৌরবাসীর প্রতি অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের বাইরে কিংবা যত্রতত্র ময়লা-আবর্জনা ফেললে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শহরের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় পৌরবাসীকে সচেতন হয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
অন্যদিকে, শহরের পরিবেশ দূষণ ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে রাস্তায় ঘুরে বেড়ানো কয়েকটি বেওয়ারিশ গরু আটক করেছে পৌর কর্তৃপক্ষ। পশুপালন নিয়ন্ত্রণে খোঁয়াড় সংরক্ষণ আইন অনুযায়ী প্রকৃত মালিকদের মালিকানার প্রমাণ দেখিয়ে নির্ধারিত জরিমানা পরিশোধের মাধ্যমে আগামী সাত দিনের মধ্যে পৌরসভা থেকে গরু ছাড়িয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে গরু গ্রহণ না করলে সেগুলো প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। এ বিষয়ে পরবর্তীতে কোনো আপত্তি গ্রহণ করা হবে না।
প্রকাশিত : শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
.

















