
নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি এবং জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাহবুব আনোয়ার বাবলুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি এবং চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম।
রোববার (২৬ জুলাই) এক যৌথ শোকবার্তায় তারা বলেন, মাহবুব আনোয়ার বাবলু ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ ও পরীক্ষিত নেতা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী এই নেতা দীর্ঘদিন ধরে চাঁদপুরে বিএনপিকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

শোকবার্তায় আরও বলা হয়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন-সংগ্রামে মাহবুব আনোয়ার বাবলু সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে চাঁদপুর জেলা বিএনপি একজন অভিজ্ঞ, ত্যাগী ও নিবেদিতপ্রাণ সংগঠককে হারালো, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এমপি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তারা মহান আল্লাহর কাছে শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দানের জন্য দোয়া করেন।
উল্লেখ্য, মাহবুব আনোয়ার বাবলু শনিবার রাত ১টার দিকে চাঁদপুর সদর হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে চাঁদপুরের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশিত : রোববার, ২৬ জুলাই ২০২৬

















