মেহেরপুরে এনসিপিতে এবি পার্টির নেতাকর্মীদের যোগদান

হিরক খান, মেহেরপুর প্রতিনিধি :
মেহেরপুর জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে এবি পার্টির জেলা আহ্বায়ক মো. রফিকুজ্জামানসহ দলটির বেশ কয়েকজন নেতাকর্মী এনসিপিতে যোগদান করেন।

শনিবার বিকেলে মেহেরপুর জেলা জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সদর উপজেলা এনসিপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সংগঠক ও মেহেরপুর জেলা প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শাকিল আহমেদ।

জেলা কমিটির রাজনৈতিক সচিব মাহবুব-ই-তৌহিদ রবিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন এবি পার্টির জেলা আহ্বায়ক মো. রফিকুজ্জামান, সদস্য সচিব মো. নুরুজ্জামান তাজুল, মো. আব্দুল্লাহ আল মাহমুদসহ উভয় দলের নেতৃবৃন্দ।

বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র, জবাবদিহিতা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষে এবি পার্টির নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেন। নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন দলের নেতারা।

প্রকাশিত : সোমবার, ২৭ জুলাই ২০২৬

You might like

About the Author: priyoshomoy